ভারতীয় তিনটি চলচ্চিত্রকে অনাপত্তিপত্র দিতে আদালতের নির্দেশ
দেশে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের ব্যাপারে যখন নানা বিতর্ক চলছে, তখন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তিনটি ভারতীয় বাংলা চলচ্চিত্রকে বাংলাদেশে আমদানির অনুমতি দিতে এবং সেন্সর বোর্ডে ছবি তিনটি দেখার জন্য নির্দেশ দিয়েছেন। ছবি তিনটি হলো বদলা, সংগ্রাম ও জৌর। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গত বুধবার বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।জানা গেছে, ২০১০ সালের ২১ জানুয়ারি প্রণীত বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতিমালা অনুযায়ী সাবটাইটেল করে উপমহাদেশের ছবি বাংলাদেশে আমদানি করা যাবে। এর পর চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের আন্দোলনের মুখে সরকার ভারতীয় ছবির আমদানি নিষিদ্ধ করে। গত ১৭ জুন আবার নতুন করে আমদানি নীতিমালা প্রণয়ন করা হয়। এখানে উপমহাদেশের ছবি দেশে আমদানির বিষয়টি আবারও নিষিদ্ধ করা হয়।তবে এর আগেই প্রদর্শকেরা ভারতীয় তিনটি চলচ্চিত্র দেশে নিয়ে আসে। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ সেন্সর বোর্ডের অনাপত্তিপত্র (নো অবজেকশন সার্টিফিকেট) ছাড়া ছবি তিনটির ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়। সেন্সর বোর্ডও ভারতীয় ছবির আমদানিকারকদের অনাপত্তিপত্র দিতে রাজি হয়নি। ফলে প্রদর্শকেরা উচ্চ আদালতে রিট করেন।ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং আমদানি নিষিদ্ধ করার আগে যে তিনটি ছবি দেশের বিমানবন্দরে চলে এসেছিল, সেগুলোকে দেশে প্রবেশের জন্য অনাপত্তিপত্র দিতে ও গ্রহণ করার জন্য সেন্সর বোর্ডকে নির্দেশ দিয়েছেন।এই রায়ের বিরুদ্ধে আপিল করার ব্যাপারে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সুরথ কুমার সরকার বলেছেন, ‘এখনো রায়ের কপি হাতে পাইনি। রায় দেখার পর চেয়ারম্যান ও তথ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’এদিকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহসভাপতি সুদীপ্ত কুমার বলেছেন, ‘আমরা একই সঙ্গে অনেকগুলো ছবির জন্য ঋণপত্র (এলসি) খুলেছিলাম। এর মধ্যে তিনটি ছবি চলে এসেছিল। সেই তিনটির জন্য প্রথমে আদালতে আবেদন করেছিলাম। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। এখন সেন্সর বোর্ডে আমরা ছবি জমা দেব। সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পরই ছবি প্রদর্শন করব। অন্যদিকে যে হিন্দি ছবিগুলোর জন্য ঋণপত্র খোলা হয়েছিল, সেগুলো দেশে আসার পর আবার সেন্সর বোর্ডের কাছে অনাপত্তিপত্র চাইব। তখন যদি আপত্তি ওঠে, তাহলে আবার আদালতে যাব।’