ভারতীয় দণ্ডবিধির ৩২৫ ও ২৪ ধারায় অভিযুক্ত সাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফ আলী খান
সাইফ আলী খান

২০১২ সালে মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলের পানশালায় ঘুষি মেরে ইকবাল শর্মা নামের এক ব্যবসায়ীর নাক ফাটিয়ে দেওয়ার ঘটনায় সম্প্রতি বলিউডের অভিনেতা সাইফ আলী খানকে ভারতীয় দণ্ডবিধির ৩২৫ ও ২৪ ধারায় অভিযুক্ত করেছেন আদালত। 

সাইফ ছাড়াও তাঁর দুই বন্ধু শাকিল লাদাখ ও বিলাল আমরোহিকে অভিযুক্ত করা হয়েছে। মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৩০ এপ্রিল। ভারতীয় দণ্ডবিধির ৩২৫ ধারায় সাত বছর কারাদণ্ডের বিধান রয়েছে। পতৌদির নবাব সাইফ আলী খানের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে সাত বছর জেলের ঘানি টানতে হতে পারে প্রভাবশালী এ তারকা অভিনেতাকে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মুম্বাই মিরর।

২০১২ সালের ২১ ফেব্রুয়ারি রাতে মুম্বাইয়ের হোটেল তাজের ওয়াসাবি রেস্তোরাঁয় কারিনা কাপুর, কারিশমা কাপুর, মালাইকা অরোরা খান, অমৃতা অরোরাসহ আরও কয়েকজন কাছের বন্ধুকে নিয়ে নৈশভোজের জন্য গিয়েছিলেন সাইফ। একপর্যায়ে ইকবাল শর্মা নামের এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অমৃতার স্বামী। তাঁদের মধ্যস্থতা করতে গিয়ে রেগে গিয়ে ইকবালের নাকে ঘুষি মেরে বসেন সাইফ।

ওই ঘটনায় সাইফের বিরুদ্ধে মামলা ঠুকে দেন ইকবাল শর্মা। এর পরিপ্রেক্ষিতে সাইফ ও তাঁর দুই বন্ধুকে গ্রেপ্তারও করা হয়। অবশ্য গ্রেপ্তারের মাত্র এক ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পেয়ে যান তাঁরা। পরে এক বিবৃতিতে সাইফ দাবি করেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল সচেতন একজন নাগরিক। ইকবালই ঘটনার শুরু করেছিলেন। এখন মিথ্যাচার করছেন তিনি। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই ঘটনার সত্য-মিথ্যা প্রমাণিত হয়ে যাবে।’ 

২০১২ সালের ২১ ডিসেম্বর সাইফ ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মুম্বাই পুলিশ। দীর্ঘদিন মামলার কার্যক্রম স্থগিত থাকলেও সম্প্রতি সাইফ ও তাঁর দুই বন্ধুকে ভারতীয় দণ্ডবিধির ৩২৫ ও ২৪ ধারায় অভিযুক্ত করেছেন আদালত। তবে কি অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত ‘খলনায়ক’ তারকা সঞ্জয় দত্তের মতো সাইফও জেলের ঘানি টানতে যাচ্ছেন!