ভারতীয় নায়িকার অতিথি বাংলাদেশের দুই নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পটাদার কীর্তি’ সিনেমার অডিও প্রকাশনা অনুষ্ঠানে ঋতুপর্ণার সঙ্গে ফেরদৌস ও আরিফিন শুভ
‘পটাদার কীর্তি’ সিনেমার অডিও প্রকাশনা অনুষ্ঠানে ঋতুপর্ণার সঙ্গে ফেরদৌস ও আরিফিন শুভ

ভারতীয় নায়িকা ঋতুপর্ণার অতিথি হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক ফেরদৌস ও আরিফিন শুভ। নিজের নতুন ছবি ‘পটাদার কীর্তি’র অডিও প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে ফেরদৌস ও আরিফিন শুভকে দাওয়াত করেন ভারতের এই নায়িকা।
কলকাতার হিন্দুস্তান হোটেলে আয়োজিত ‘পটাদার কীর্তি’ ছবির অডিও প্রকাশনা অনুষ্ঠানে ছবি সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন। ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা একসময় বাংলাদেশেও বেশ জনপ্রিয় ছিলেন। তাঁর অনেকগুলো ছবি বাংলাদেশে মুক্তি পেয়েছে। ফেরদৌসের সঙ্গে রয়েছে তাঁর দারুণ বন্ধুত্ব।
শুভ বললেন, ‌‘খুব চমৎকার একটা সন্ধ্যা কাটল। কলকাতায় সিনেমার শুটিং করতে এসে ঋতু দিদির কাছ থেকে দাওয়াত পেয়ে ভালোই লেগেছে। অনেকের সঙ্গে দেখা হলো। অনেক বিষয়ে আলাপ হলো। আমরা সবাই মিলে অনেক মজা করেছি।’
শুভ এ–ও বলেন, ‘আমরা সবাই জানি যে ঋতু দিদি আর ফেরদৌস ভাই খুব ভালো বন্ধু। দুজনে একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন। “পটাদার কীর্তি” ছবিতেও অতিথি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ভাই। সে হিসেবে দিদির কাছ থেকে এই অনুষ্ঠানের দাওয়াত পাওয়ায় আমার জন্য বাড়তি ভালো লাগার ব্যাপার ছিল।’
ফেরদৌস ও শুভ দুজনে এখন কলকাতায় আছেন। শুভ সেখানে জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। আর ফেরদৌস গেছেন ছবির অডিও প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিতে।