ভারতীয় সাংস্কৃতিক উৎসবে আনন্দযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সংস্কৃতির জন্য, স্বাধীন ভূখণ্ডের জন্য বিশ্বের অনেক জায়গায় লড়াই হয়েছে; কিন্তু ভাষার জন্য কেবল এখানে, এই বাংলাদেশে। এই ভাষা আমার মাতৃভাষা। এখানকার মঞ্চে গাইতে পেরে আমার খুবই আনন্দ হচ্ছে।’ চোখ জলে ভিজিয়ে আবেগাপ্লুত কণ্ঠে এভাবে নিজের অনুভূতি প্রকাশ করলেন ভারতীয় শিল্পী রীতা গাঙ্গুলি।গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে ‘আনন্দযজ্ঞ—ভারতীয় সাংস্কৃতিক উৎসব’। উৎসবের প্রথম দিনে ধ্রুপদি সংগীত পরিবেশন করেন সর্বভারতীয় ধ্রুপদি সংগীত প্রতিযোগিতায় রাষ্ট্রপতি স্বর্ণপদকপ্রাপ্ত এই শিল্পী।এর আগে প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন। বক্তব্য দেন ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রের মহাপরিচালক সুরেশ গোয়েল, ভারতীয় হাইকমিশনের রাষ্ট্রদূত রজিত মিত্তার ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।পাঁচ দিনের এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে ভারতীয় দূতাবাস, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী। উৎসবে থাকছে সংগীত, নৃত্য, নাটক, চিত্র প্রদর্শনী ও কারুশিল্পের প্রদর্শনী। গতকাল শুক্রবার প্রথম দিন পরিবেশিত হয় শিল্পী রীতা গাঙ্গুলির ধ্রুপদি সংগীত। তিনি শুরু করেন ঠুমরি দিয়ে। গানে গানে শোনান এক বিরহিনীর গল্প। সেই আগে কী সুন্দর ছিল জীবনযাত্রা! আর এখন তার রাত কাটে না। এরপর দাদরা, হোলি, চৈতিসহ বিভিন্ন ধরনের গানের মধ্য দিয়ে মুগ্ধ করেন মিলনায়তনভর্তি দর্শকদের।শান্তিনিকেতন থেকে পাস করা এই শিল্পী প্রথম প্রশিক্ষণ নিয়েছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এরপর শান্তিদেব ঘোষ, ইন্দিরা দেবী চৌধুরানী ও শৈলজা রঞ্জন মজুমদারের কাছে দীক্ষা নেন তিনি। ২০০৩ সালে তিনি ভারতের সম্মানসূচক ‘পদ্মশ্রী’ পুরস্কার পান। রীতা গাঙ্গুলি কেবল গানই করেন না, একাধারে তিনি নৃত্যশিল্পী ও অধ্যাপকও। এই গুণীশিল্পী শিল্পকলা একাডেমীর মিলনায়তনে দর্শকদের মুগ্ধ করে রাখেন কথায় আর গানে। সারেঙ্গি, হারমোনিয়াম, তানপুরা, তবলা ও অক্টোপ্যাডের সঙ্গে খেলা করে চলে রীতা গাঙ্গুলির গলা। ভারতীয় সাংস্কৃতিক উৎসবের আনন্দযজ্ঞে মিলেমিশে যান এখানকার শ্রোতারা।আজ শনিবার বিকেলে একাডেমীর জাতীয় চিত্রশালায় ভারতের চার নারী চিত্রশিল্পীর আঁকা চিত্রকর্ম নিয়ে শুরু হবে প্রদর্শনী ‘হারমনি অ্যান্ড রিদম’।