ভারতীয় সিরিয়ালগুলো ভাঁড়ামিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপ্লব বন্দ্যোপাধ্যায়
বিপ্লব বন্দ্যোপাধ্যায়

ভারতের কলকাতার টেলিভিশন ও মঞ্চের তারকা অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক নাট্য উৎসবে প্রাচ্য কলকাতার হয়ে সম্প্রতি যশোর জেলা শিল্পকলা একাডেমীর মঞ্চে আসেন। উৎসবের এক ফাঁকে কলকাতার শিল্প-সংস্কৃতি নিয়ে তাঁর সঙ্গে একান্ত আলাপচারিতা হয়। আলাপের চুম্বক অংশ তুলে ধরা হলো। প্রথম আলোর যশোরের প্রতিবেদক মনিরুল ইসলামের সঙ্গে আলাপচারিতায় তিনি কলকাতার শিল্প-সংস্কৃতি নিয়ে কথা বলেন

ভারতীয় বাংলা ও হিন্দি সিরিয়াল পারিবারিক শান্তি নষ্ট করছে বলে প্রচারণা রয়েছে। এটিকে আপনি কীভাবে দেখেন?

আমি এ প্রচারণাকে সমর্থন করি। থিয়েটার-সিরিয়াল করে বেড়াই। এর বিরুদ্ধে অবস্থান নিয়ে তো আর দাঁড়ানো যাবে না। তবে এ কথা বলতে পারি, এখন সিরিয়ালের নামে যা হচ্ছে, তা মানুষের প্রবৃত্তিকে নষ্ট করে দিচ্ছে। যে গল্প বা বিষয়বস্তু নিয়ে সিরিয়াল নির্মিত হয়, তা ন্যাকামো আর ভাঁড়ামোতে ভরা। তার পরও মানুষ কিন্তু এসব টিভি সিরিয়াল নিচ্ছে। এসবে মানুষের মধ্যে নৈতিক সচেতনতা তো বাড়ছেই না, বরং মানসিক ও পারিবারিক শান্তি নষ্ট হচ্ছে।

কলকাতার বাংলা সিনেমা তো আবার জনপ্রিয় হয়ে উঠছে। কারণ কী?

মধ্যবিত্ত সমাজ যখন সিনেমার বিষয় হয়, তখন তা চলে। মধ্যবিত্ত লোকজনই এখন বাংলা সিনেমার মূল দর্শক। কয়েক বছর আগেও কলকাতার বাংলা সিনেমার গড়ন ও ধরনের মধ্যে একধরনের অশিক্ষিতপনা ছিল। তখন কলকাতার সিনেমা এখনকার মতো এত ব্যবসাসফল হয়নি। জিৎ-ঋতুপর্ণা-কোয়েল—এরা এখন মধ্যবিত্তের প্রতিনিধি হয়ে কাজ করছে। বিনোদনের বিষয় যদি বলেন, তাহলে মুম্বাইয়ের সিনেমা বেশি এগিয়ে। কলকাতার সিনেমা এখন বিনোদনের চেয়ে বেশি কিছু দিচ্ছে। যার জন্য এখন জনপ্রিয়তা তুঙ্গে।

সিরিয়ালের বাইরে থিয়েটার, না থিয়েটারের বাইরে সিরিয়াল?

আমাদের প্রত্যেকেরই নিজ নিজ পেশা রয়েছে। পেশার বাইরে থিয়েটার করে বেড়াই। এর একটাই উদ্দেশ্য—আমাদের দেশের শিল্পের প্রয়াসে কাজ করা। শহরের বাইরে গিয়ে মানুষের কাছে শিল্পের ঐতিহ্যকে তুলে ধরা। শহরতলি না থাকলে শিল্প বাঁচবে না। কারণ, শহরতলির মানুষই শিল্প-সাহিত্যের মূল জায়গা। এ জন্য থিয়েটার নিয়ে দেশ-বিদেশে ঘুরে বেড়াই। এর মধ্যে সিরিয়াল-সিনেমায় কাজ করি।