ভারতীয়দের পাশে ক্যামেরন
হলিউডের নির্মাতা জেমস ক্যামেরন ভারতীয় চলচ্চিত্র পরিচালকদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। জানা গেছে, ভারতীয় নির্মাতারা যদি থ্রিডি ছবি বানাতে আগ্রহী হন, তবে এ ব্যাপারে তাঁদের সব ধরনের সাহায্য করতে প্রস্তুত রয়েছেন তিনি। ক্যামেরন এর আগে ‘অ্যাভাটার’ ছবির মাধ্যমে থ্রিডি ছবি নির্মাণের সফল অভিজ্ঞতা অর্জন করেছেন।জানা গেছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি মুম্বাই এসেছেন ক্যামেরন। সেখানে তিনি বলেছেন, ‘কোনো ভারতীয় প্রযোজক বা পরিচালক আমাদের থ্রিডি ক্যামেরা এবং অন্যান্য যন্ত্র ব্যবহার করে ছবি বানাতে চাইলে আমি আনন্দের সঙ্গেই তাঁদের সাহায্য করব।’মহাভারত বা রামায়ণ নিয়েও কেউ যদি ছবি বানাতে চান, তবে তাঁকেও তিনি সাহায্য করবেন বলেও জানা যায়। এদিকে, অ্যাভাটার-এর সিক্যুয়েল নিয়েও কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন ক্যামেরন। ইতিমধ্যেই অ্যাভাটার-২ ছবির স্ক্রিপ্টের কাজ শুরু করেছেন তিনি।