ভারতে কোর্ট মার্শাল
গত বছর কৃষ্ণনগরের করিমপুর, বহরমপুরের রঘুনাথগঞ্জে থিয়েটার আর্ট ইউনিট দুটি নাটক নিয়ে সফর করে। সেখানে তারা সময়ের প্রয়োজনে এবং আমিনা সুন্দরী নাটক দুটি মঞ্চস্থ করে। এবারও ওপার বাংলা থেকে নাটক মঞ্চায়নের জন্য আমন্ত্রণ এসেছে থিয়েটার আর্ট ইউনিটের কাছে। এই আমন্ত্রণে মুক্তিযুদ্ধের আলোচিত নাটক কোর্ট মার্শাল মঞ্চস্থ হবে। এ নাটকটি এর আগে ২০০৭ সালে কলকাতার একাডেমি অব ফাইন আর্ট মঞ্চে মঞ্চস্থ হয়। ৭ ডিসেম্বর কোর্ট মার্শাল নাটকটি নিয়ে ভারতের উদ্দেশে রওনা হয়ে গেছে থিয়েটার আর্ট ইউনিট। রওনা হওয়ার আগে থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক প্রধান মোহাম্মদ বারী বলেন, ‘আমরা এর আগে মুক্তিযুদ্ধের আরেকটি নাটক সময়ের প্রয়োজনে রঘুনাথগঞ্জ ও করিমপুরে প্রদর্শন করেছি। এই এলাকাগুলো বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা। আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে তাঁদের অনেক স্মৃতি আছে। সময়ের প্রয়োজনে নাটকটির প্রদর্শনী শেষে অনেক দর্শকই নাটকটির অনেক দৃশ্যের সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার তাঁদের স্মৃতির সঙ্গে মিলে গেছে বলে মন্তব্য করেন।’ তিনি আরও বলেন, এসব এলাকার দর্শক অনেক ভালো। তাঁরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নাটকগুলো অন্য আবেগ নিয়ে দেখতে আসে। এ ছাড়া বাংলাদেশের নাটকের প্রতি তাঁদের আস্থাও অনেক। মোহাম্মদ বারী জানান, পরম্পরা কৃষ্ণনগরের আয়োজনে তাদের নবম নাট্যোৎসবে ৮ ডিসেম্বর কৃষ্ণনগরের রবীন্দ্রসদনে কোর্ট মার্শাল নাটকটি মঞ্চস্থ হবে। আজ ৯ ডিসেম্বর দলটি বহরমপুরের উদ্দেশে রওনা হয়ে যাবে। ওই জেলার রঘুনাথগঞ্জে নাটকটির আরও একটি প্রদর্শনী হবে। এখানকার আয়োজনে থাকছে ন্যাটাম বলাকা। কোর্ট মার্শাল নাটকটির মূল লেখক স্বদেশ দীপক আর নাট্যরূপ ও নির্দেশনা এস এম সোলায়মান। নতুনভাবে নাটকটির পুনরায় মঞ্চায়নের সমন্বয়কের দায়িত্বে আছেন মোহাম্মদ বারী। নাটকটিতে অভিনয় করেছেন মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, সাইফ সুমন, আশরাফ কবির, রিয়াজ হোসেন, স্বাধীন শাহ, ফৌজিয়া করিম প্রমুখ।