ভারতে ছাড়পত্র পেল না 'ফিফটি শেডস অব গ্রে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফটি শেডস অব গ্রে সিনেমার পোস্টার। ছবি: উইকিপিডিয়া
ফিফটি শেডস অব গ্রে সিনেমার পোস্টার। ছবি: উইকিপিডিয়া

মুক্তি পাওয়ার পর থেকেই তুমুল সমালোচনায় পড়েছে ফিফটি শেডস অব গ্রে। হালের বহুল আলোচিত হলিউডের এই খোলামেলা যৌনতার গল্প নিয়ে বানানো এই সিনেমা নিয়ে এমন আশঙ্কাই যেন করছিলেন সবাই। কাহিনি-দৃশ্য-সংলাপের পরতে পরতে যৌনতা ছড়ানো ফিফটি শেডস অব গ্রে সিনেমাটি হয়তো এবার ভারতের হলগুলোতেও চালানোর অনুমতি পাবে না। ঘটলোও তাই। ভারতের সরকারি ছাড়পত্র পেল না সিনেমাটি। অবশ্য জানা গেছে, কোনো নগ্ন দৃশ্যের জন্য নয়, বরং সংলাপের জন্যই নাকি আটকানো হয়েছে সিনেমাটি। খবর রয়টার্সের।ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের প্রধান নির্বাহী শ্রাবণ কুমার অবশ্য সাংবাদিকদের বলেননি, ঠিক কী কারণে অনুমতি দেননি তাঁরা। কিন্তু জানিয়েছেন, নির্মাতা ইউনিভার্সাল পিকচার্সের সংশ্লিষ্ট ইউনিট চাইলে এই সেন্সর ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।সেন্সর ছাড়পত্র চাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানেন ইউনিভার্সাল পিকচার্সের এমন একটি সূত্র জানিয়েছে, সেন্সর বোর্ড সিনেমাটির কিছু সংলাপ সম্পর্কে আপত্তি জানিয়েছে। অবশ্য ভারতে চালানোর জন্য নির্মাতারা স্বতঃপ্রণোদিত হয়েই সিনেমাটির বেশ কিছু দৃশ্য কাটছাঁট করে নগ্নতা কমিয়ে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলেন।স্যাম টেইলর জনসন পরিচালিত ফিফটি শেডস অব গ্রে সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী ডাকোটা জনসন ও অভিনেতা জেমি ডরনান। ই এল জেমস রচিত ফিফটি শেডস অব গ্রে উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি এ বছরের ভ্যালেন্টাইনস ডে সামনে রেখে মুক্তি দেওয়া হয়।বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যেই বিপুল ব্যবসা করলেও ‘যৌনতার’ কারণে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কেনিয়ায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সিনেমাটি। সম্ভবত একই কারণে এখনো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র বাজার চীনেও সেন্সর ছাড়পত্র পায়নি ফিফটি শেডস অব গ্রে।