ভারতে নিরাপত্তাহীন নই: শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেতা শাহরুখ খানের নিরাপত্তা নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পর তুমুল তর্কে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শাহরুখ। ভারতে মোটেও নিরাপত্তাহীনতা অনুভব করেন না বলে জানিয়েছেন তিনি। ৯/১১-পরবর্তী বিশ্বে একজন মুসলমান হিসেবে শাহরুখের তিক্ত অভিজ্ঞতা একটি সাময়িকীতে প্রকাশিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, ‘শাহরুখ জন্মসূত্রে ভারতীয়। তিনি ভারতেই থাকতে পারেন। কিন্তু তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি ভারত সরকারের প্রতি অনুরোধ জানাই।’ সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহরুখ বলেন, ‘মনে-প্রাণে আমি একজন ভারতীয়। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য। ভারতে নিরাপত্তাহীনতায় ভুগছি—এমনটা কখনোই আমি বলিনি। আমার যে লেখা প্রকাশিত হয়েছে, তার কোথাও এ ধরনের উক্তি ঠাঁই পায়নি।’ শাহরুখ আরও বলেন, ‘আমার লেখাটি নিয়ে চারদিকে যে বিতর্ক হচ্ছে, তার কোনো মানে হয় না। সবার উদ্দেশে আমি বলতে চাই, আগে আমার লেখাটি ভালোভাবে পড়ুন, তারপর মন্তব্য করুন।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।এর আগে শাহরুখের উদ্দেশে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ বলেছিলেন, তিনি (শাহরুখ) যদি ভারতে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে পাকিস্তানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে পারেন। তাঁকে পাকিস্তানে স্বাগত জানিয়ে হাফিজ আরও বলেন, তাঁর যত দিন ইচ্ছা তত দিন সেখানে বসবাস করতে পারেন। পাকিস্তানের সবাই তাঁকে শ্রদ্ধার চোখে দেখবে বলেও আশ্বাস দেন হাফিজ। হাফিজের মতো একজন দুর্ধর্ষ জঙ্গির কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে খুবই বিচলিত হন শাহরুখ।