ভারতে বাংলাদেশের চ্যানেল সম্প্রচারের উদ্যোগ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি রেস্তোরাঁয় গতকাল দুপুরে ভারতের কণ্ঠশিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের একক অডিও অ্যালবাম বাড়ি ফেরার তাড়া প্রকাশনা অনুষ্ঠানে শিল্পীর (মাঝে নীল পাঞ্জাবি পরা) সঙ্গে দেশের বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্বরা ষ ছবি: প্রথম আলো
রাজধানীর একটি রেস্তোরাঁয় গতকাল দুপুরে ভারতের কণ্ঠশিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের একক অডিও অ্যালবাম বাড়ি ফেরার তাড়া প্রকাশনা অনুষ্ঠানে শিল্পীর (মাঝে নীল পাঞ্জাবি পরা) সঙ্গে দেশের বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্বরা ষ ছবি: প্রথম আলো

প্রতিবেশী ভারতের বাংলা, হিন্দিসহ প্রায় সব চ্যানেলই বাংলাদেশে সম্প্রচারিত হয়। সে দেশের শিল্পীরা এখানে নতুন গানের অ্যালবাম প্রকাশ করেন, বিভিন্ন চ্যানেলে সরাসরি সংগীত পরিবেশনায় অংশ নেন। এ দেশের সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে তাঁদের সংবাদ প্রচার করা হয়। কিন্তু ভারতে বাংলাদেশের কোনো চ্যানেলের সম্প্রচার হয় না। এ বিষয়ে দুই দেশের আন্তরিক উদ্যোগ নিতে হবে।
গতকাল শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের নতুন গানের অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অতিথিরা। ঈদ উপলক্ষে সম্প্রতি রাঘবের অ্যালবাম প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা লেজার ভিশন। বাড়ি ফেরার তাড়া শিরোনামের অ্যালবামটির প্রকাশনা উৎসবটি শেষ পর্যন্ত হয়ে ওঠে ঈদ পুনর্মিলনী। শিল্প ও সংস্কৃতি অঙ্গনের নানা কৃতী মানুষ প্রকাশনা-পরবর্তী আড্ডায় জড়ো হয়েছিলেন। অড্ডায় আমন্ত্রিত অতিথিরা দুই দেশের সংস্কৃতি নিয়ে মতামত ব্যক্ত করেন। সব শেষে গিটারে সুর তুলে কয়েকটি গান শুনিয়ে আয়োজনটিকে আরও আনন্দময় করে তোলেন রাঘব চট্টোপাধ্যায়।
শুরুতে স্বাগত বক্তব্য দেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম। ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, এবিসি রেডিওর প্রধান নির্বাহী সানাউল্লাহ, সংগীতশিল্পী নকীব খান, সামিনা চৌধুরী, জাতীয় দলের সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, সংগীতবিষয়ক পত্রিকা সারগাম-এর সম্পাদক রওনক হাসান, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, চলচ্চিত্র নির্মাতা সামিয়া জামান, উপস্থাপক আনজাম মাসুদ, অভিনয়শিল্পী আজিজুল হাকিম, তারিন, জেমকন গ্রুপের নির্বাহী পরিচালক সংগীতশিল্পী আমিনা আহমেদ প্রমুখ। সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। ভারতের বাজারে বাংলাদেশের শিল্পীদের অ্যালবাম প্রকাশের বিষয়টি উঠে আসে সংগীতশিল্পী পিলু খানের বক্তব্যে। তিনি বলেন, এ দেশে ভারতের শিল্পীদের গানের অ্যালবাম প্রকাশিত হচ্ছে এবং শ্রোতারাও তা সাদরে গ্রহণ করছেন। ঠিক একইভাবে এ দেশের শিল্পীদের অ্যালবামও ভারতের বাজারে প্রকাশিত হওয়া উচিত। এ জন্য উভয় দেশের সংগীতসংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ পদক্ষেপ নিতে হবে।
রাঘব চট্টোপাধ্যায় বলেন, ‘অনেক বিষয়েই প্রতিবেশী দেশ দুটির অনেক মিল রয়েছে। এখানকার গানের শ্রোতারাও খুবই চমৎকার। ভালো গানের প্রতি তাঁরা সব সময়ই আগ্রহী। আর বাংলা ভাষাকে আমরা পশ্চিমবঙ্গের মানুষ যতটা সম্মান দিই, তার চেয়ে অনেক বেশি সমাদৃত হয় বাংলাদেশে। মূলত বাংলা ভাষাকে ধরে রাখা ও বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কাজটি হচ্ছে এ দেশ থেকেই।’
আক্ষেপ করে এই শিল্পী বলেন, ‘একসময় আমরা বাংলাদেশের চ্যানেল দেখার জন্য ছাদে উঠে অ্যানটেনা ঘোরাতাম। আসাদুজ্জামান নূরের অভিনয়ের খুব ভক্ত ছিলাম। কিন্তু এখন আর
সেই সুযোগটি নেই। এ দেশের কোনো চ্যানেল আর ও দেশে
দেখা যায় না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি আমি উপস্থাপন করব।’
আলোচনা শেষে সম্পন্ন হয় অ্যালবাম প্রকাশনার আনুষ্ঠানিকতা। এরপর রাঘব চট্টোপাধ্যায় গেয়ে শোনান অ্যালবামের কয়েকটি গান। বাড়ি ফেরার তাড়া অ্যালবামের গানগুলো লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল। আর সুর করেছেন রাঘব নিজেই। সংগীত পরিচালনা করেছেন তমাল চক্রবর্তী ও ইন্দ্রজিৎ দে।