ভারতে ‘দ্বীপ’-এর চার প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার হাওড়া থেকে এক হাজার ৩০০ কিলোমিটার রাস্তা। উত্তর প্রদেশের পঞ্চলভূমি যেতে ট্রেনে ২৫ ঘণ্টা। ওখানেই একটি জায়গা বেরেলি। জায়গাটি পঞ্চপাণ্ডবের দ্রৌপদীর জন্মস্থান। অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন পাঁচ দিনের নাট্যোৎসবের আয়োজন করে এখানেই। এই বেরেলিতে প্রথম কোনো বাংলাদেশি নাটকের দল হিসেবে নাট্যতীর্থ সফর করল। উৎসবে অংশ নিয়ে সেরা প্রযোজনা হিসেবে সেরা অ্যাওয়ার্ডটিও জিতে নিয়েছে বাংলাদেশের এই দলটি। উৎসবে দলের উৎপল দত্তের দ্বীপ নাটকটির তিনটি প্রদর্শনী হয়। প্রদর্শনীগুলো করা হয় ইনভার্টিজ ইউনিভার্সিটি, বেরেলি মেডিকেল কলেজ ও বেরেলির ডেন্টাল কলেজে। ফেরার পথে পশ্চিমবঙ্গের হুগলির চন্দননগরে নাটকটির আরও একটি প্রদর্শনী হয়। নাটকটির নির্দেশক তপন হাফিজ বলেন, ‘আমরা বেরেলির উৎসবে একটি প্রদর্শনী করার জন্য আমন্ত্রণ পেয়েছিলাম। কিন্তু প্রথম প্রদর্শনীর পরই দর্শক-আগ্রহের কারণে আরও দুটি প্রদর্শনী করতে হয়েছে।’ সেখানকার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের সম্মান পাওয়াটা জীবনে আর হবে কি না, জানি না। প্রতিটি প্রদর্শনীতেই দর্শকে মিলনায়তন ভরে গেছে। প্রদর্শনী শেষে যেভাবে আমাদের সম্মাননা দেওয়া হয়েছে, তাতে আমরা মুগ্ধ হয়েছি। প্রতিবছর উৎসবে শ্রেষ্ঠ প্রযোজনা হিসেবে রত্ন অ্যাওয়ার্ড নামের পদক দেওয়া হয়। সেই শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটা আমরা পেয়েছি।’উৎসবে বাংলাদেশ, ইরান, পাকিস্তান, নেপাল, চীনের দলসহ ভারতের আরও ১০০টি নাটকের দল অংশ নেয়।নাট্যতীর্থের ১৪ সদস্যের দলটি দেশে ফিরেছে ফেব্রুয়ারির মাঝামাঝি।