ভারতে 'মাসুদ রানা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহেল রানা
সোহেল রানা

মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন রাসেল রানা, এ খবর আগেই প্রকাশ করেছিল প্রথম আলো। রাসেলকে খুঁজে বের করা হয়েছে ‘মেনস ফেয়ার অ্যান্ড লাভলী চ্যানেল আই হিরো—কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার মাধ্যমে। ছবিটির নামও মাসুদ রানা। এবার ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছে, মাসুদ রানা চরিত্রের জন্য প্রস্তুত হচ্ছেন রাসেল। তিনি এখন প্রশিক্ষণের জন্য ভারতে আছেন। এ ছবির পরিচালক সৈকত নাসির।

জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে, অভিনয় ও নাচ শিখতে দুই সপ্তাহের জন্য কলকাতার দ্য ক্লাস অ্যাক্ট কমিউনিটি স্কুলে পাঠানো হয়েছে রাসেল রানাকে। রাসেল রানার সঙ্গে যোগাযোগ করা হলে কলকাতা থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘২৪ জানুয়ারি এখানে এসেছি। অভিনয়, এক্সপ্রেশন, নৃত্যের ওপর প্রশিক্ষণ নিচ্ছি। নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে আমার।’
প্রযোজনা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে আরও জানানো হয়, শুধু রাসেল রানাই নন, এই প্রতিযোগিতার সেরা দশজন প্রতিযোগী থেকে কয়েকজনকে জাজের বিভিন্ন সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেওয়া হবে। এ ব্যাপারে পরিচালক সৈকত নাসির বলেন, ‘তিন মাস আগেই প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে আমার কথাবার্তা হয়। ছবিটি পরিচালনার বিষয় চূড়ান্ত হয়েছে। এপ্রিল মাসে শুটিং শুরু করব।’
পরিচালক জানান, দেশের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও দেশের বাইরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং অ্যাকশন দৃশ্যগুলো ভারতের হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে শুটিং হবে।
কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি অসাধারণ চরিত্র মাসুদ রানা। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে স্বপ্নের চরিত্র এটি। সেই মাসুদ রানার চিত্রায়ণ হবে রুপালি পর্দায়। মাসুদ রানা ছবির চিত্রনাট্য করেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা ও আবদুল আজিজ।