ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে 'কুইন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কুইন’ ছবির পোস্টার
‘কুইন’ ছবির পোস্টার

ভারতের ৬২ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী ৩ মে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এ বছর সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে ‘কুইন’। একই ছবির জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন কঙ্গনা রানাউত। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন কানাড়া অভিনেতা বিজয়। এ ছাড়া বর্ষীয়ান অভিনেতা শশী কাপুরকে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন কঙ্গনা। এর আগে ‘ফ্যাশন’ ছবির জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। আমির খানের মতো কঙ্গনাও বলিউডের কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান না।

এ বছর ফিল্মফেয়ার আসর থেকে সেরা অভিনেত্রী হিসেবে কঙ্গনার নাম ঘোষণা করা হলেও, তাঁকে সেখানে দেখা যায়নি। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিজ হাতে নেবেন বলেই জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি জানতামই না, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আমাকে বিবেচনা করা হয়েছে। সত্যিই যদি আমি এই পুরস্কার পাই, তবে নিজ হাতে তা গ্রহণ করব।’ এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি।

সেরা ফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে মারাঠি, হিন্দি, গুজরাটি ও ইংরেজি ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘কোর্ট’। ‘চতুষ্কোণ’ ছবির জন্য সেরা বাঙালি চলচ্চিত্র পরিচালক নির্বাচিত হয়েছেন সৃজিত মুখার্জি। সেরা বাংলা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘নির্বাসিত’।

সেরা পপুলার ফিল্ম বিভাগে পুরস্কার পাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত বলিউডের ছবি ‘মেরি কম’। সেরা কোরিওগ্রাফি, সংগীত পরিচালনা, কস্টিউম ডিজাইন এবং প্লেব্যাক গায়ক বিভাগে পুরস্কার পাচ্ছে বিশাল ভরদ্বাজের ‘হায়দার’।
সেরা পার্শ্ব-অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন যথাক্রমে ববি সিমহা ও বলজিন্দার কর। সেরা শিশুশিল্পী নির্বাচিত হয়েছে তামিল অভিনয়শিল্পী কাকা মুত্তাই।