ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল ‘মনের মানুষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি ফকির লালনকে নিয়ে মনের মানুষ ছবিটি এবার ভারতের জাতীয় পুরস্কার পেল। মনের মানুষকে দেওয়া হলো জাতীয় সংহতির সেরা চলচ্চিত্র হিসেবে ‘নার্গিস দত্ত পুরস্কার’। ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন ছবির পরিচালক গৌতম ঘোষ। পুরস্কার গ্রহণ করে গৌতম ঘোষ বলেন, ‘লালন ফকির এমনই একটি বিষয়, যা নিয়ে আরও অন্তত ২০টি ছবি করা যাবে।’গতকাল শুক্রবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লির বিজ্ঞানভবন মিলনায়তনে ভারতের ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তামিল অভিনেতা কে ধানুষ, সেরা পরিচালক ভেত্রি মারান। আর সেরা ছবির সম্মান পেয়েছে মালায়লাম ছবি ‘আদমিন্তে মাকান আবু’। সেরা বিনোদনমূলক ছবি সালমান খান অভিনীত ‘দাবাং’, সেরা বাংলা ছবি ‘আমি আদু’, সেরা ইংরেজি ছবি ‘মেমোরিজ ইন মার্চ’, সেরা শিশুশিল্পী হর্ষ মায়ার (আইএম কালাম), সেরা রূপসজ্জাশিল্পী বিক্রম গায়কোয়াড (মনের মানুষ)।জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অম্বিকা সোনিসহ বলিউডের তারকা, কলাকুশলী ও বিশিষ্টজনেরা।