ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন অমিতাভ ও অনন্যা
ভারতের সেরা অভিনেতা ও অভিনেত্রী হিসেবে ৫৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করলেন অমিতাভ বচ্চন এবং বাংলার অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় ভারতের দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁরা ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিলের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন।২০০৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছিল বাঙালিদের জয়জয়কার। ছিল সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা কণ্ঠশিল্পীর সম্মান।সেরা পরিচালক হয়েছেন আবহমান ছবির জন্য ঋতুপর্ণ ঘোষ। ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়। সেরা সম্পাদনার পুরস্কার পেয়েছেন অর্ঘ্যকমল মিত্র। সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে আবহমান। মহানগর ছবির জন্য রূপম ইসলাম পেয়েছেন সেরা কণ্ঠশিল্পীর সম্মান। হাউসফুল ছবির জন্য সেরা গায়িকার সম্মান পেয়েছেন নীলাঞ্জনা সরকার।এদিকে সেরা হিন্দি ছবির সম্মান পেয়েছে পা। আর এই ছবিতে অনন্য অভিনয়ের জন্যই ভারতের সেরা অভিনেতার সম্মান পেয়েছেন অমিতাভ বচ্চন। পা ছবিতে অভিনয়ের জন্য পার্শ্বনায়িকা হিসেবে সম্মান পেয়েছেন অরুন্ধতী নাগ। আর লাহোর ছবির জন্য পার্শ্ব-অভিনেতার পুরস্কার পেয়েছেন ফারুক শেখ।সেরা জনপ্রিয় ছবির সম্মান পেয়েছে আমির খানের থ্রি ইডিয়টস।এবার সেরা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে মালায়ালম ভাষার কুট্টি শ্রাঙ্ক। চলচ্চিত্রের শ্রেষ্ঠ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন দক্ষিণি প্রযোজক ডি রামা নাইডু।