ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাঙালিদের জয়
ভারতের ৫৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবির সম্মান পেল অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত বাংলা ছবি অন্তহীন। সেরা বাংলা ছবি হয়েছে ঋতুপর্ণ ঘোষের সব চরিত্র কাল্পনিক, সেরা জনপ্রিয় ছবি দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ওয়ে লাকি! লাকি ওয়ে। আর নন্দিতা দাসের ফিরাক ছবির জন্য সেরা শিল্পনির্দেশক হয়েছেন গৌতম সেন। সেরা মহিলা কণ্ঠশিল্পী হয়েছেন শ্রেয়া ঘোষাল। এ ছাড়া অন্তহীন ছবির জন্য সেরা চিত্রগ্রাহক হয়েছেন অভীক মুখোপাধ্যায়, সেরা গীতিকার অনিন্দ্য চট্টোপাধ্যায় ও চন্দ্রিল ভট্টাচার্য। এ ছাড়া সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া (ফ্যাশন), সেরা অভিনেতা উপেন্দ্র লিমায়ে (মারাঠি ছবি জোগোভা), সেরা পরিচালক বালা (তামিল ছবি নান কাডাভুল), সেরা সংগীত পরিচালক শামস প্যাটেল (থ্যাংকস মা), সেরা পুরুষ কণ্ঠশিল্পী হয়েছেন হরিহরণ, সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন যথাক্রমে অর্জুন রামপাল (রক অন) ও কঙ্কণা রনৌত (ফ্যাশন), সেরা অ্যানিমেশন ছবি রোড সাইড রোমিও, সেরা শিশু চলচ্চিত্রের সম্মান পেয়েছে গুবাচি গানু। শনিবার সন্ধ্যায় ঘোষণা করা হলো পুরস্কার পাওয়াদের নাম। মার্চে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল।