ভারতের পর্যটন পুরস্কার পাচ্ছে ‘লাইফ অব পাই’
ভারত সরকারের পক্ষ থেকে দুটি জাতীয় পর্যটন পুরস্কার দেওয়া হচ্ছে গত মাসে মুক্তি পাওয়া হলিউডের ছবি ‘লাইফ অব পাই’কে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভারতের পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও চলচ্চিত্র অভিনেতা চিরঞ্জীবি। এ প্রসঙ্গে চিরঞ্জীবি বলেন, ‘ইয়ান মার্টেলের লাইফ অব পাই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি তৈরি করেছেন অ্যাং লি। লাইফ অব পাই ছবির শুটিং হয়েছে ভারতের মানার এবং পণ্ডিচেরিতে। নিঃসন্দেহে ভারতের পর্যটনশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে লাইফ অব পাই। এজন্য অ্যাং লি এবং ইয়ান মার্টেলকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।’ এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই। চিরঞ্জীবি আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা, লাইফ অব পাই ছবিটি দেখার পর বিশ্বের আরও অনেক চলচ্চিত্র প্রযোজক ভারতে ছবির শুটিংয়ে আগ্রহী হয়ে উঠবেন।’ প্রসঙ্গত, পণ্ডিচেরির ১৬ বছর বয়সী বালক পাই প্যাটেলকে ঘিরে গড়ে উঠেছে ‘লাইফ অব পাই’ চলচ্চিত্রের গল্প। জাহাজডুবির পর প্রশান্ত মহাসাগরে একটি রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গে ২২৭ দিন নৌকায় ভেসে থাকে পাই। আধুনিক থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে শ্বাসরুদ্ধকর এ যাত্রা সুনিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন অস্কার জয়ী মার্কিন চলচ্চিত্র নির্মাতা অ্যাং লি। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নবাগত সুরজ শর্মা। আরও অভিনয় করেছেন ফরাসি অভিনেতা জেরার্ড দেপারদিউ, বলিউডের অভিনয়শিল্পী ইরফান খান, টাবু প্রমুখ।