ভারতের পাঁচ প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের নাটক নিয়ে ভারত সফর শুরু করেছে ঢাকার শব্দ নাট্যচর্চাকেন্দ্র। নাটক দুটি হলো রাইফেল ও ঠিকানা। এই সফরে দলের দুটি নাটকের পাঁচটি প্রদর্শনী করবে তাঁরা। ওপার বাংলার পাঁচটি দলের আমন্ত্রণে একাধিক নাট্যোৎসবে নাটকগুলো প্রদর্শন করছে দলটি। ৫ ফেব্রুয়ারি হূদয়পুর সমন্বয় নাট্যোৎসবে বিদ্যাসাগর মিলনায়তনে ঠিকানা নাটকটি মঞ্চস্থ হয়। পরের দিন বারাসাত স্পন্দন নাট্যোৎসবে একই মিলনায়তনে রাইফেল মঞ্চস্থ হয়। হালিশহর ইউনিট মালঞ্চ নাট্যোৎসবে নৈহাটি ঐকতান মঞ্চে রাইফেল নাটকটি মঞ্চস্থ হয় ৭ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি বাণীপুর লোকনাট্য উৎসবে বাণীপুর লোকনাট্য উৎসবের মঞ্চে রাইফেল নাটকটির আরও একটি প্রদর্শনী হয়। এক দিন বিরতি দিয়ে ১০ ফেব্রুয়ারি কলকাতার অনিকের আমন্ত্রণে রাইফেল ও ঠিকানা দুটি নাটকই মঞ্চস্থ করবে দলটি। দুটি নাটক নিয়ে একাধিক উৎসবে অংশগ্রহণ করতে পারা প্রসঙ্গে দলপ্রধান খোরশেদ আলম বলেন, ‘সমগ্র বিশ্বই নাট্যকর্মীদের পদচারণের ক্ষেত্র। দেশের বাইরে এই পদচারণের সুযোগ যাঁরা আমাদের করে দিয়েছেন, তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ। টানা এতগুলো প্রদর্শনীতে আমরা অংশ নিতে পারছি। এটি আমাদের দল, কর্মীদের জন্য খুবই ইতিবাচক।’