ভারতের প্রথম কনসার্টটি বাবাকে উৎসর্গ করলেন নোরা
প্রথম ভারত সফরে এসে মুম্বাইতে যে কনসার্টে গাইলেন পণ্ডিত রবি শংকরের মেয়ে নোরা জোন্স সেটি তিনি তাঁর বাবাকে উৎসর্গ করেছেন। জানিয়েছে পিটিআই। গান নিয়ে বিশ্বের অনেক দেশই ঘুরে বেড়িয়েছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জ্যাজ সংগীতশিল্পী নোরা জোন্স। কিন্তু কখনোই বাবার জন্মভূমি ভারতে গান করা হয়নি তাঁর। এবারই প্রথম ভারতে গান করলেন নোরা।মুম্বাইয়ে ‘আ সামার ডে ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্টটি গত ৩ মার্চ অনুষ্ঠিত হয়। নোরা জোন্স ছাড়াও মুম্বাইয়ের ওই কনসার্টে আরও ছিলেন সিদ্ধার্থ বাসরুর (মুম্বাই) ও ড্রামার জিবরাজ সিং (কলকাতা)।মুম্বাইয়ের এ কনসার্টটি ছাড়াও নোরা জোন্স ভারতের দিল্লি এবং বেঙ্গালুরুতে দুটি কনসার্টে গান করবেন বলে জানা গেছে। ২০০২ সালে নোরা জোন্স তাঁর প্রকাশিত প্রথম পপ সংগীত অ্যালবাম কাম অ্যাওয়ে উইথ মি’র মাধ্যমে সাফল্য লাভ করেন। সারা বিশ্বে অ্যালবামটির ২ কোটিরও বেশি কপি বিক্রি হয়। এ অ্যালবামটির জন্য তিনি ৮টি গ্র্যামি অ্যাওয়ার্ডও পান।