ভারতের মন ছোঁয়ার সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুঁয়ে দিলে মন ছবিতে মম ও আরিফিন শুভ
ছুঁয়ে দিলে মন ছবিতে মম ও আরিফিন শুভ

বাংলাদেশের দর্শকদের মন ছুঁয়েছে ছুঁয়ে দিলে মন। এবার ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর আসামের দর্শকদের মন ছোঁয়ার সফর শুরু। কাল ২৬ ফেব্রুয়ারি ছবিটি ভারতের এই তিন রাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এরই মধ্যে কলকাতার গণমাধ্যমে ছবিটি নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশিত হয়। বাংলাদেশের পর ভারতের এই তিন রাজ্যেও ছুঁয়ে দিলে মন ব্যবসায়িক সাফল্য পাবে—এমনটাই আশা করছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এশিয়াটিক ধ্বনিচিত্র ও মনফড়িং।

মম ও  আরিফিন শুভ। ছবি: আনন্দ
মম ও আরিফিন শুভ। ছবি: আনন্দ

ছোট পর্দায় দীর্ঘদিন কাজ করছেন শিহাব শাহীন। ছুঁয়ে দিলে মন তাঁর প্রথম ছবি। তিনি জানান, গত বছর ১০ এপ্রিল বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এরপর ছবিটি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কয়েকটি মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হয়। এবার ভারতের তিনটি রাজ্যে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে। বললেন, ‘বহির্বিশ্বে নিজের কাজ দিয়ে প্রতিনিধিত্ব করার আনন্দ অন্য রকম। এবার নিজের ছবি দিয়ে দেশকে উপস্থাপন করার সুযোগ পেয়েছি।’
ছুঁয়ে দিলে মন ছবিতে অভিনয় করেছেন মম। ২০০৬ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। টিভিতে কাজ করছেন বছর দশেক হলো। ছুঁয়ে দিলে মন তাঁর তৃতীয় চলচ্চিত্র। বললেন, ‘ওখানে ছবিটি মুক্তির সময় থাকতে পারলে বেশি ভালো লাগত। তবে তা নিয়ে ভাবছি না। আমি নেই তা কিন্তু নয়। যেভাবে থাকার কথা, সেভাবেই থাকছি। ছুঁয়ে দিলে মন ছবি দিয়ে সবার সঙ্গে থাকব।’
বাংলাদেশি চলচ্চিত্রের এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। অভিনয় করেছেন ছুঁয়ে দিলে মন ছবিতে। বললেন, ‘আমাদের দেশের ক্রিকেটাররা যেমন বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরছেন, ছুঁয়ে দিলে মন ছবি দিয়ে আমরাও ঠিক তেমনি করছি। এটা কিন্তু যৌথ প্রযোজনার ছবি না। শতভাগ আমার দেশের ছবি। নিজের দেশের ছবি দিয়েই ভারতের বাজারে যাচ্ছি, এটা একদম অন্য রকম ভালো লাগা।’
ভারতে নিজের ছবি যাচ্ছে, সেখানে অনেক প্রতিষ্ঠিত ও জনপ্রিয় নায়ক আছেন, তাঁদের মধ্যে নিজের ছবির সাফল্য নিয়ে মোটেও ভাবছেন না শুভ। নেই কোনো মানসিক চাপ। শুভ বললেন, ‘চ্যালেঞ্জ তখনই আসে, যখন পাওয়ার ব্যাপারটি আসে। আমার আসলে ভারতের বাজার থেকে কিছুই পাওয়ার স্বপ্ন নেই। ওখানে দর্শক যদি আমাদের ছবি পছন্দ করেন, আমার কাজ তাঁদের ভালো লাগে, সেটা হবে আমার বাড়তি প্রাপ্তি।’
এশিয়াটিক ধ্বনিচিত্রের ব্যবস্থাপনা পরিচালক সারা যাকের বলেন, বাংলাদেশ আর ভারতের দর্শক সাধারণত যৌথ প্রযোজনার ছবি দেখেন। কিন্তু ছুঁয়ে দিলে মন ব্যতিক্রম। পুরোপুরি একটা সাহসী উদ্যোগ।
বাংলাদেশ ও ভারতে ছবি বিনিময়ের ব্যাপারে অনেক দিন ধরেই বিভিন্ন পর্যায়ে আলোচনা করছেন, নানা পদক্ষেপ নিয়েছেন, গণমাধ্যমে কথা বলছেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ। বাংলাদেশের ছবি ভারতে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে, এ খবরে দারুণ খুশি তিনি। বললেন, ‘দুর্দান্ত পদক্ষেপ। এত দিন যৌথ প্রযোজনার ছবিতে যা সম্ভব ছিল, এখন দুই দেশের নিজেদের প্রযোজিত ছবি মুক্তির রাস্তাও খুলে গেল। ভাষার কারণে আমাদের এখানে বাংলাদেশের ছবির গ্রহণযোগ্যতা রয়েছে। এতে বাংলা ছবির ব্যবসায়িক বাজার আরও বড় হলো।’
পরিচালক গৌতম ঘোষ বললেন, বাংলা ছবির বাজার বড় হলো, সেটাই ভালো।
আর বাংলাদেশের নির্মাতাদের মতে, পুরো ব্যাপারটি তাঁরা কাছ থেকে দেখছেন। এখনই কোনো মন্তব্য করতে চান না তাঁরা।