ভারতের ১৫টি শহরে 'শুনতে কি পাও'
কামার আহমাদ সাইমনের শুনতে কি পাও ছবিটি এবার ভারতের ১৫টি শহরে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে। ভারতজুড়ে ৩০টি চলচ্চিত্র সংসদের সম্মিলিত সংগঠন ‘ইন্ডিডক’-এর আয়োজনে ২ অক্টোবর মুম্বাই, দিল্লি, চণ্ডীগড়, হায়দরাবাদ, চেন্নাইসহ বিভিন্ন শহরে প্রদর্শিত হবে ছবিটি। পরবর্তী পর্যায়ে বাকি ১৫টি সংসদের আয়োজনেও প্রদর্শনী হবে ছবিটির। প্রতিটি প্রদর্শনীর শেষে থাকবে কামার আহমাদ সাইমনের আগে ধারণকৃত ভিডিও সাক্ষাৎকার। এর আগে দক্ষিণ এশিয়ার ছয়টি প্রাক্-নির্বাচিত ছবি থেকে ৩০টি চলচ্চিত্র সংসদের প্রত্যক্ষ ভোটে সবচেয়ে বেশি ভোট পেয়ে শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয় শুনতে কি পাও।
ডক-লাইপজিগের উদ্বোধনী রাতে অভিষেকের পর প্যারিসের প্রামাণ্য উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার ‘গ্রাঁ প্রি’, মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণশঙ্খ’সহ এযাবৎ মোট নয়টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে শুনতে কি পাও।