বিশ্বের সেরা চলচ্চিত্র কোনটি? এত দিন সবাই চোখ বন্ধ করে বলতেন সিটিজেন কেইন। কিন্তু এখন আর সেটি বলা যাচ্ছে না। এখন থেকে বলতে হবে বিশ্বের সেরা চলচ্চিত্রটির নাম আলফ্রেড হিচককের রহস্য-রোমাঞ্চ থ্রিলার ভার্টিগো। ব্রিটিশ ফিল্ম ইনস্টিউটের (বিএফআই) প্রকাশনা সাইট অ্যান্ড সাউন্ড ১৯৫২ সাল থেকে প্রতি ১০ বছর পরপর বিশ্বের সেরা চলচ্চিত্রের একটি জরিপ করে। এখানে ভোট নেওয়া হয় বিশ্বের বড় বড় পরিচালক ও সমালোচকের। এ কারণে এই জরিপটির একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ১৯৫২ সালের প্রথম জরিপে সেরা চলচ্চিত্র হয়েছিল ভিত্তোরিও ডি সিকার বাইসাইকেল থিভস। এর পর থেকে প্রতিবারই প্রথম স্থানে ছিল অরসেন ওয়েলসের সিটিজেন কেইন। মজার ব্যাপার হলো ১৯৮২ সালের আগ পর্যন্ত ভার্টিগো তালিকাতেই স্থান পায়নি; যদিও ভার্টিগো ১৯৫৮ সালের ছবি। আবার ভার্টিগো মুক্তি পাওয়ার পরও কিন্তু ছবিটি তেমন আলোচিত ছিল না। সমালোচকদের দৃষ্টিতে পড়েনি, বক্স অফিসেও সাফল্য পায়নি। অথচ ভার্টিগো এখন সেরা চলচ্চিত্র।বিশ্বের ৭৩টি দেশের ৮৪৬ জন সমালোচক, পরিচালক, বিশেষজ্ঞ, লেখক ও প্রদর্শকের ভোটে এই তালিকা তৈরি করা হয়েছে। সারা বিশ্বের দুই হাজার ৪৫টি ছবির মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে সেরা ছবি। মোট ২৫০টি সেরা ছবির তালিকা করা হয়েছে। এর মধ্যে সেরা ১০ এখানে দেওয়া হলো। বলে রাখা ভালো, ২৫০ ছবির তালিকায় ভারতের তিনটি ছবি স্থান পেয়েছে।পথের পাঁচালী, অপুর সংসার ও জলসাঘর। তিনটিই বাংলা এবং সত্যজিৎ রায়ের।