ভালো ছবি এলে আসবে দর্শক
>

এবারের ঈদে দেশব্যাপী মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র—শাকিব খান ও বুবলী অভিনীত বসগিরি ও শু৵টার এবং পরীমনি ও রোশান অভিনীত রক্ত। দেশের বিভিন্ন বিভাগের একাধিক প্রেক্ষাগৃহ ঘুরে জানা গেছে নতুন ছবিগুলোর হাল। আজ রাজশাহী, রংপুর ও বগুড়ার কয়েকটি প্রেক্ষাগৃহের ঈদের ছবি নিয়ে থাকছে প্রতিবেদন
এবারের ঈদে রংপুরের একমাত্র সিনেমা হলে দর্শকের ভিড় না থাকলেও দর্শক সমাগম ছিল। হলের আংশিক আসন পূর্ণ থাকছে প্রতি শোতেই।
রংপুর নগরের শাপলা মোড়ে অবস্থিত শাপলা সিনেমা হলে এবার ঈদে মুক্তি পেয়েছে রক্ত।
সিনেমা হল কর্তৃপক্ষ জানায়, প্রায় ৯০০ আসনের এই হলে এবার দর্শকের উপস্থিতি ছিল সন্তোষজনক। বেলা সাড়ে ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত চারটি শো চলছে। ঈদের দিন ও পরদিন হলের আসনের চার ভাগের তিন ভাগ পূর্ণ ছিল। প্রতিদিন সাড়ে তিন শ থেকে চার শ দর্শক হয়েছিল।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার শো শুরুর আগে সরেজমিনে জানা যায়, টিকিট বিক্রির হার অন্যান্য স্বাভাবিক দিনের চেয়ে বেশ ভালো। দিনের মধ্যে সকাল ও বিকেল তিনটার শোতে দর্শক সমাগম ভালো থাকলেও রাতের শোতে দর্শক অনেক কমে যায়। কেননা দিনের বেলার দর্শকের অধিকাংশ কলেজপড়ুয়া শিক্ষার্থী। গতকাল সুলভ আসনের দোতলার প্রায় ৩০০ আসনের অর্ধেক পূর্ণ ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পুরুষ দর্শকের পাশাপাশি নারী দর্শকের উপস্থিতিও দেখা গেছে। এ সময় কথা হয় কয়েকজন দর্শকের সঙ্গে। দল বেঁধে বন্ধু ও সহপাঠীরা সিনেমা দেখতে এসেছেন।
সিনেমা দেখতে আসা কাউনিয়া ডিগ্রি কলেজের তিন বন্ধুর একজন রাশেদ আহমেদ বলেন, ‘বড় পর্দায় ছবি দেখতে এসেছি। ভালো ছবি হলে দর্শকেরা ঠিকই সিনেমা হলে ছুটে আসবে।’
শহরের আদর্শপাড়া থেকে কিশোর সন্তানকে নিয়ে এসেছেন বাবা রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘হলে এসে সিনেমা দেখার এমন দৃশ্য সন্তানকে না দেখালে তারা হয়তো একদিন সিনেমা হল কাকে বলে সেটাই বুঝবে না।’
ভালো ছবি এলে তিনি সন্তানকে হলে এনে সিনেমা দেখান বলে জানালেন তিনি। নির্মাতারা ভালো ছবি বানিয়ে প্রচার চালালে ঠিকই দর্শক সিনেমা হলে আসবে বলে তাঁর আশা।
হলের ব্যবস্থাপক শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সিনেমা ভালো হলে দর্শক পাওয়া যায়। আর ছবি ভালো না হলে দর্শক তেমন একটা পাওয়া যায় না। ঈদের দিন ও পরদিন দর্শক বেশ ভালো ছিল। এখন তা অর্ধেকের নিচে নেমে এসেছে।’