ভালো-মন্দে ঈদের ছবির বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মধুমিতা সিনেমা হলে চলছে আশিকী ছবিটি
মধুমিতা সিনেমা হলে চলছে আশিকী ছবিটি

প্রতিবছরের মতো এবারও ঈদে মুক্তি পেয়েছে কয়েকটি চলচ্চিত্র। দর্শক কি ছবি দেখতে যাচ্ছেন প্রেক্ষাগৃহে? ঈদের তিন দিনে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোর চালচিত্র নিয়েই আমাদের এই আয়োজনের প্রথম কিস্তি। আজ থাকছে ঢাকার প্রেক্ষাগৃহগুলোর অবস্থা নিয়ে প্রতিবেদন।
ভালো-মন্দে কাটল ঈদের প্রথম দুই দিন। এই মেঘ, এই রোদ্দুর। তৃতীয় দিন থেকে মেঘ কেটে রোদের হাসি ফুটল ঢাকার চলচ্চিত্র বাজারে।
এবারের ঈদ উৎসবে বড় পর্দায় সারা দেশে মুক্তি পেয়েছে তিনটি ছবি। এগুলো হলো আশিকী, রাজা বাবু ও প্রার্থনা। এর মধ্যে বদিউল আলম পরিচালিত রাজা বাবু ছবি মুক্তির সর্বকালের রেকর্ড ভেঙে ১৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি আশিকী পরিচালনা করেছেন অশোকপতি ও আবদুল আজিজ। আশিকীর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নবাগত নায়িকা নুসরাত ফারিয়া ও কলকাতার অঙ্কুশ। ১০৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আশিকী ছবিটি। নায়ক শাহরিয়ার নাজিম পরিচালিত প্রথম চলচ্চিত্র প্রার্থনা নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি ঈদের দিন ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় চ্যানেল আইতে। ছবির প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মৌসুমী নাগ, নওশিন ও জয়।

গত শুক্র ও শনিবার রাজধানীর বিভিন্ন এলাকার সিনেমা হলগুলোতে ঘুরে দেখা গেছে, এখনো আশানুরূপ জমেনি বাজার। নতুন ছবির পাশাপাশি বেশ কিছু পুরোনো ছবিও দেখাচ্ছেন প্রদর্শকেরা। কয়েকটি প্রেক্ষাগৃহে ভিড় দেখা গেছে, তবে উপচে পড়া ভিড় নয়। দেখা গেছে, ডিসি ভর্তি কিন্তু রিয়াল স্টল পুরোপুরি ভরেনি। যাত্রাবাড়ীর জুরাইন এলাকার সংগীত ও গীত নামের দুটি প্রেক্ষাগৃহ আংশিক পূর্ণ। এর মধ্যে গীতে চলছে আশিকী এবং সংগীতে পুরোনো ছবি লাভ ম্যারেজ।
ধীরে ধীরে জমে উঠছে: গত রোববার বিকেলে মধুমিতা হলে গিয়ে মন ভরে গেল। সন্ধ্যার প্রদর্শনীটি একটু আগে ভেঙেছে। বেশ লোকজন দেখা গেল। আরেকটি প্রদর্শনী শুরু হবে তখন। নায়ক-নায়িকার বড় ছবি পেছনে রেখে সেলফিও তুলছেন কেউ কেউ। এই প্রেক্ষাগৃহের কাউন্টারেও টিকিট বিক্রি হচ্ছে, এমনকি কালোবাজারেও। মধুমিতা মুভিজের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন বলেন, ‘ঈদে মাত্র দুটি ছবি হওয়ার কারণে পুরো বিষয়টা ঝুঁকির মধ্যে পড়ে যায়। এই ছবিগুলো খারাপ চললে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকছে না।’ অভিসার ও নেপচুনে ভিড় দেখা গেলেও ব্যবস্থাপক হতাশা প্রকাশ করেছেন। অভিসার হলের ব্যবস্থাপক খায়রুল কবির বললেন, ‘ঈদুল আজহার প্রথম দুই দিন একটু খারাপ যায়। মানুষজন গ্রামে চলে যায়। মানুষ আসছে, দেখা যাক, আগামী দিনগুলো কেমন যায়।’