
সম্পর্কটায় জড়ানোর আগে লিজ হার্লির উচিত ছিল সিমোনের সঙ্গে সলাপরামর্শ করে নেওয়া। সাধে কি গুরুজনেরা বলেন ভাবিয়া করিয়ো কাজ, করিয়া ভাবিয়ো না। শেন ওয়ার্নের নাড়িনক্ষত্র তো সিমোনেই সবচেয়ে ভালো জানেন। কিন্তু এখন শুধু পস্তাতেই হচ্ছে এই অভিনেত্রীকে। ক্রিকেট-কিংবদন্তি ওয়ার্নের সঙ্গে তাঁর সম্পর্কটা বাগদান পর্যন্ত গড়িয়েছিল। আংটির পর বিয়ের মালাও বদল করতেন। এর আগেই ভেঙে গেল সম্পর্কের সেতু। কারণ? ওয়ার্ন নাকি হার্লির সঙ্গেও প্রতারণা করেছেন। স্কটিশ ব্যবসায়ী মিশেল মোনের সঙ্গে মনের লেনাদেনা করেছেন। ওয়ার্ন এই দাবি উড়িয়ে দিয়ে বলেছিলেন, হার্লি ও তাঁর ব্যস্ততাই এই সম্পর্ক ভেঙেছে। তবে ওয়ার্নের প্রতারণাই যে দায়ী সেটার ইঙ্গিত মিলল। হার্লি ইনস্টাগ্রামের একটা ভালোবাসা-বচন পোস্ট করেছেন। যেখানে লেখা: ‘ভালোবাসার সবচেয়ে পবিত্র বৈশিষ্ট্যই হলো বিশ্বস্ততা।’ বুঝলেন কিছু?