ভালোবাসার কথা মুখে বলিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাগতা
স্বাগতা

সত্যি কিংবা মিথ্যা যে যা-ই ভাবুক, এটা ঠিক, আমি প্রেমে পড়ার সুযোগ কমই পেয়েছি। এটা আমার আফসোস। আসলে অন্যরা আমাকে এ সুযোগ দেয়নি। এত প্রেমের প্রস্তাব পেয়েছি যে, সেগুলো বাছাই করতেই আমার দিন পার! একটা মজার ঘটনা বলি, একবার এক ছেলে আমার বাবাকে ফোন দেয়। বেশ গম্ভীর কণ্ঠে বাবাকে বলল, ‘আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমার সঙ্গে যদি বিয়ে না দেন, তাহলে তাকে উঠিয়ে নিয়ে যাব।’
বাবা তো দারুণ মজা পেলেন। তিনি উল্টো বললেন, ‘আমার মেয়ে আমার কোনো কথাই শোনে না। সেটাই ভালো, তুমি প্লিজ তাকে নিয়ে যাও।’
এই কথা শুনে আমি হাসব না কাঁদব! তবে ছেলেটি বাবাকে আর ফোন দেয়নি। এ রকম অনেক ঘটনা আছে।
প্রথম প্রেমে পড়াটা বোধ হয় রাশেদের (চিত্রগ্রাহক রাশেদ জামান) সঙ্গে। এটা ২০০৮ সালের ঘটনা। আমি তখন তার সহকারী হিসেবে ডুব সাঁতার ছবিতে কাজ করছি। একদিন দেখলাম, ও আমার দিকে তাকিয়ে আছে। ওর তাকানোর মাঝে মুগ্ধতা আছে। এরপর লক্ষ করলাম, এটা নিয়মিতই ঘটছে। কখনো সরাসরি, কখনো ক্যামেরার লেন্স দিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। তার এভাবে তাকানো আমার কিন্তু বেশ লাগত। আমাদের পছন্দ বা ভালো লাগার শুরুটা কিন্তু এখানেই। আমরা ভালোবাসার কথা কখনো মুখে বলিনি। তবে ও যখন তাকাত, তখন তা বলা হয়ে যেত। নৈশব্দের শব্দে এটা প্রকাশ পেয়েছে। আমাদের কিন্তু কয়েক বছর এভাবেই কেটেছে।
২০১৩ সালের একটি ঘটনা। রাশেদ দেশের বাইরে যাবে। ও জানত, আমি বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসবে যাব। তাই রাঙামাটি থেকে আনা চারটি চাদর আমাকে দিয়ে যায়। শীতের মধ্যে আমি যেন এটা জড়িয়ে থাকি, তাহলে মনে হবে রাশেদও আছে আমার সঙ্গে এই আয়োজনে। আসলে এভাবেই আমাদের সম্পর্ক এখন বিয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
অনুলিখন: আলম বিশ্বাস