ভালোবাসার দিনেই ঘর বাঁধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুদ্ধিটা ভালোই। বিবাহবার্ষিকী ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। আশপাশের মানুষগুলোকে যখন হাতভরা লাল গোলাপ নিয়ে প্রিয়জনের কাছে ছুটে যেতে দেখা যাবে, তখনই বুঝে নেবে ভুলোমন, ‘আরে! আজই তো বাঁধা পড়েছিলাম বিয়ের বাঁধনে!’ হ্যাঁ, ১৪ ফেব্রুয়ারি ‘ভালোবাসা দিবস’-এ যাঁরা গাঁটছড়া বেঁধেছেন, তাঁদের জন্য এই এক সুবিধা। এই সুবিধা ভোগ করার জন্যই কি না, জানা নেই; তবে কিছু তারকা জুটি আছেন যাঁরা সংসারজীবন শুরু করার জন্য ভালোবাসা দিবসকে বেছে নিয়েছেন। আজ থাকছে তাঁদের গল্প—

সালমা হায়েক ও ফ্রাঁসোয়া অরি পিনো
সালমা হায়েক ও ফ্রাঁসোয়া অরি পিনো
সুজান খান ও হৃতিক রোশন
সুজান খান ও হৃতিক রোশন
সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই
সঞ্জয় দত্ত ও রিয়া পিল্লাই

‘ভারতের মুম্বাইয়ে জুহু বিচে দাঁড়িয়েছিল ছেলেটি। প্রেমিকাকে নিয়ে বেরিয়েছিল “ভালোবাসা দিবস” উদ্যাপনে। হঠাৎ সাগরপাড়ে প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল সে। হাতে একটা হিরের আংটি। মেয়েটির দিকে আংটি বাড়িয়ে দিয়ে ছেলেটি তাকে বিয়ের প্রস্তাব দেয়।’ এভাবেই বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন নাকি সুজান খানকে ‘প্রোপজ’ করেছিলেন। হৃতিক আর সুজানের সংসারে বিচ্ছেদের সিলমোহর পড়লেও, তাঁদের প্রেম ও বিয়ের প্রস্তাব দেওয়ার এই ঘটনা এখনো আলোড়িত করে অনেককে। বিবাহবিচ্ছেদের আগে গণমাধ্যমকে খোলামনেই ভালোবাসা দিবসে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়ার এ গল্প শোনাতেন হৃতিক। কিন্তু এখন দুজনার দুটি পথ ভিন্ন, তাই সেই গল্পে আপাতত ধুলোর পরত পড়ে গেছে।

পারভীন সাহানি ও এমরান হাশমি
পারভীন সাহানি ও এমরান হাশমি

তবে তাতে কী! শুধু হৃতিক রোশন নন। ভালোবাসা দিবসে ভালোবেসে আরও অনেক তারকাই প্রেমকে পরিণয় পর্বে নিয়ে গেছেন। হলিউড থেকে বলিউড পর্যন্ত এমন অনেক তারকা জুটিই পাওয়া যায়। হৃতিক-সুজানের প্রেমের বাঁধনটা একটু দুর্বল হলে কী হবে, অন্যদের বেলায় কিন্তু এমনটা ঘটেনি। হলিউডের অভিনেত্রী সালমা হায়েক ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন ফরাসি ধনকুবের ফ্রাঁসোয়া অরি পিনোকে। ভালোবাসা দিবস বিষয়টি হায়েকের কাছে এতই বিশেষ যে তিনি তাঁর মেয়ের নামও সেইন্ট ভ্যালেন্টাইনের সঙ্গে মিলিয়ে রাখেন ‘ভ্যালেন্টিনা’। অনেকটা একই গল্প ব্রাজিলিয়ান মডেল আদ্রিয়ানা লিমার। তিনিও প্রেমিক মার্ক জারিককে বিয়ে করেন ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডেতে, সালমা হায়েকের মতোই ২০০৯ সালে। এমনকি লিমার মেয়ের নামও কিন্তু ভ্যালেন্টিনা। তবে সালমা আর ফ্রাঁসোয়ার মতো সংসারজীবনকে টিকিয়ে রাখতে পারেননি লিমা ও জারিক। ২০১৪ সালে তাঁরা তাঁদের বিচ্ছেদের ঘোষণা দেন।
ভালোবাসা দিবসে বিয়ে, অতঃপর বিচ্ছেদ—এই তালিকায় আছে ‘বে ওয়াচ’ সিরিজের তারকা পামেলা অ্যান্ডারসন ও রক তারকা টমি লির নাম। মাত্র তিন দিন

হ্যারিসন ফোর্ড ও ক্যালিস্টা ফ্লোকহার্ট
হ্যারিসন ফোর্ড ও ক্যালিস্টা ফ্লোকহার্ট

প্রেম করে তাঁরা তাঁদের তিন বছরের সংসারজীবনের শুরু করেন ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি। মেক্সিকোর কানকুন বিচে জমকালো আয়োজন করে বিয়ে হয় তাঁদের। ১৯৯৮ সালে ভেঙে যায় তাঁদের সংসার। একই দিনে বিয়ে এবং অনেকটা একই পরিণতি হয় হলিউডের অভিনেত্রী শ্যারন স্টোন ও মার্কিন সাংবাদিক ফিল ব্রনস্টেইনের। ১৯৯৮ সালের ভালোবাসা দিবসে গাঁটছড়া বেঁধে ২০০৪ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। হলিউডের আরেক সুহাসিনীর নামও রয়েছে এ তালিকায়। তিনি মেগ রায়ান। অভিনেতা ড্যানিশ কোয়াইড মাদকের নেশা ছেড়ে দেবেন বলে প্রতিজ্ঞা করলে মেগ তাঁকে বিয়ে করেন ১৯৯১ সালের ভালোবাসা দিবসে। ১০ বছর পর ২০০১ সালে এ জুটি তাঁদের বিবাহিত জীবনের ইতি টানেন। এরপর ড্যানিশ আরও দুবার বিয়ের পিঁড়িতে বসলেও, মেগ রায়ান আর কারও সঙ্গেই সংসার বাঁধেননি। এবার বলিউডে চোখ ফেরানো যাক। সঞ্জয় দত্তের জীবনেও কিন্তু এমন একটি ঘটনা আছে। ১৯৯৮ সালের ভালোবাসা দিবসে মুম্বাইয়ের এক মন্দিরে অনাড়ম্বর আয়োজনে তিনি বিয়ে করেন মডেল ও অভিনেত্রী রিয়া পিল্লাইকে। কয়েক বছর পরই সেই বিয়েতে ছেদ পড়ে যায়।

ফিল ব্রনস্টেইন ও শ্যারন স্টোন
ফিল ব্রনস্টেইন ও শ্যারন স্টোন
পামেলা অ্যান্ডারসন ও টমি লি
পামেলা অ্যান্ডারসন ও টমি লি
আদ্রিয়ানা লিমা ও মার্ক জারিক
আদ্রিয়ানা লিমা ও মার্ক জারিক

শুধু ভাঙন, ভাঙন আর ভাঙন। এ দিনে যাঁরা বিয়ে করবেন বলে ভাবছেন, এত ভাঙনের গল্প পড়ে ঘাবড়ে যাবেন না। কিছু সুখী দম্পতির গল্প শোনা যাক এবার। বলিউডের আলোচিত ও জনপ্রিয় অভিনেতা এমরান হাশমির দাম্পত্যজীবনে ১৪ ফেব্রুয়ারি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। পুরো বলিউডে যখন এমরানের ‘সিরিয়াল কিসার’ তকমা নিয়ে তর্ক-বিতর্ক, তখনই তিনি তাঁর ছয় বছরের প্রেমকে বিয়ে পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করেন। মার্ডার, জেহের, আশিক বানায়া আপনে আর গ্যাংস্টার-এর মতো ছবিতে অভিনয় করে আলোচিত-সমালোচিত হওয়া হাশমি ২০০৬ সালের ভালোবাসা দিবসে বিয়ের প্রস্তাব দেন প্রেমিকা পারভীন সাহানিকে। এরপর ওই বছর ডিসেম্বর মাসে পারভীন প্রেমিকা থেকে এমরানের স্ত্রীতে উত্তীর্ণ হন! এখনো এ দম্পতি দারুণ সুখেই কাটাচ্ছেন তাঁদের সংসারজীবন। প্রতি ছবিতে এমরানের ‘চুমু’ থেকে শুরু করে সংসারজীবনের কঠিন সব ধাপও একসঙ্গে উতরে গেছেন দুজনে। বলিউডের অনেকেই বলেন, এমরান ও পারভীন দম্পতির ভালোবাসার শক্তিই তাঁদের ক্যানসারে আক্রান্ত একমাত্র ছেলে আয়ানকে আবারও সুস্থ করে তাঁদের মাঝে ফিরিয়ে এনেছে।
সুখী দাম্পত্যের নজির আছে হলিউডেও। ২০০৯ সালের ভ্যালেন্টাইনস ডেতে নিজের চেয়ে ২২ বছরের ছোট অভিনেত্রী ক্যালিস্টা ফ্লোকহার্টকে বিয়ের প্রস্তাব দেন অভিনেতা হ্যারিসন ফোর্ড। পরের বছরের জুনে সেরে ফেলেন বিয়ে। ছয় বছর হতে চলল, তাঁদের সংসারে ভাঙনের ছায়াটিও পড়েনি। দত্তক নেওয়া ছেলে লিয়ামকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছেন তাঁরা।
বলিউডের আরও কয়েকজন সুখী দম্পতির কথা বলা যাক, যাঁরা ১৪ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রেখেছেন বিয়ে করে কিংবা বিয়ের প্রস্তাব দিয়ে। তাঁদের মধ্যে আছেন আরশাদ ওয়ার্সি-মারিয়া গোরেত্তি, মন্দিরা বেদি-রাজ কৌশল ও রাম কাপুর-গৌথমী গাড়গিল।
আদর রহমান
হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, রেডিফ, পিপল ও ইউএস ম্যাগাজিন অবলম্বনে