ভালোবাসার পরিমিতি জানতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তপন চৌধুরীর জন্মদিনে এসেছিলেন সংগীতাঙ্গনের অনেক তারকা। ছবি: প্রথম আলো
তপন চৌধুরীর জন্মদিনে এসেছিলেন সংগীতাঙ্গনের অনেক তারকা। ছবি: প্রথম আলো

জীবদ্দশায় শিল্পীর কপালে নাকি ভালোবাসা জোটে না। তাঁর সামান্য চাওয়া—শ্রোতার মনের কোণে একটু জায়গা। কেউ কেউ পান। হয়তো কদিন পরই আবার হারিয়ে ফেলেন। কিন্তু কখনো কোনো দিন যদি সামান্য প্রীতি ছুঁয়ে যায়, বেদনার্ত হয়ে ওঠে মন—তাঁকে মনে পড়ে তখন।

ভুল হলো, ‘তাঁকে’ নয়, মূলত মনে পড়ে তাঁর গান। বেজে ওঠে হৃদয়ের গহিন কোনো গানশালায়। গত শতকের আশি থেকে যাঁদের কৈশোর, তারুণ্য বা যৌবন গড়িয়েছে নব্বইয়ের দিকে, তাঁদের চেতনায় শিল্পী তপন চৌধুরীর কণ্ঠ সংরক্ষিত আছে। সেখানে গাথা আছে ‘পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানগুলো।

হঠাৎ অভিমান করেই কি ডুব দিয়েছিলেন এই শিল্পী? কত দিন শোনা যায়নি তাঁর নতুন কোনো গান। নিতে চেয়েছিলেন একটি ছোট্ট বিরতি, অজান্তেই সেটি হয়ে ওঠে এক যুগ দীর্ঘ। কী হবে গান করে, অ্যালবামের সংখ্যা বাড়িয়ে! মানুষের মনে থাকুক না ওই গানগুলোই, এমনই কি ভেবেছিলেন তিনি? কিন্তু হঠাৎ করেই শিল্পীর জানতে ইচ্ছে হলো, ৪০ বছরের সংগীতজীবনে কতটা ভালোবাসা জমেছে তাঁর জন্য। সংগীতের সঙ্গীদের তিনি আমন্ত্রণ জানালেন নিজের ৫৭তম জন্মদিনে। সেই সন্ধ্যায় ফিরে এলাম নামের নতুন একটি ডিজিটাল অ্যালবামও অবমুক্ত করলেন তাঁদের নিয়ে। প্রথমবারের মতো তাঁর দিকে যাঁরা হাত বাড়িয়ে দিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে তাঁদের জানালেন কৃতজ্ঞতা। বাংলাঢোল এগিয়ে এল, আয়োজন করল তপন চৌধুরীর সংগীতজীবনের ৪০ বছর উদ্‌যাপন অনুষ্ঠানের।

গত শনিবার সন্ধ্যায় ঢাকা ক্লাবের সেই আনন্দযজ্ঞটি ছিল দেশের সংগীত ভুবনের অন্যতম বৃহৎ এক পুনর্মিলনী। সেখানে হাজির হননি এমন শিল্পীর সংখ্যা আঙুলের কড়েই গুনে ফেলা যাবে, উপস্থিত ছিলেন বাকি সবাই। বলতে গেলে আসবে রুনা লায়লা থেকে সামিনা চৌধুরী, সৈয়দ আব্দুল হাদী থেকে রফিকুল আলমসহ বহু নাম। উপস্থিত হয়ে শিল্পীকে বিস্মিত করেছেন নিভৃতচারী শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী। প্রিয় শিল্পীর আমন্ত্রণে হাজির হয়ে সবার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছিলেন প্রাজ্ঞ রাজনীতিবিদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। যাঁরা হাজির হয়েছিলেন, মঞ্চের মেঝেতে কপাল ছুঁয়ে তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন তপন চৌধুরী। ভালোবাসার ঋণ তো আর শোধ করা যায় না, তাই অবনত মস্তকে এ শ্রদ্ধাটুকু জানানো।

সময়টা এড়িয়ে চলার, ভুলে যাওয়ার। অশ্রদ্ধা ও অকৃতজ্ঞতা যেন এই সময়টার বৈশিষ্ট্য। কিন্তু হাত ধরে গানের দলে টেনে নেওয়া, জোর করে গানের আয়োজন করে দেওয়া, অনন্য এক গীতিকবিতা লিখে তাতে সুরারোপ করা কিংবা সিনেমায় গাইতে ডাকা মানুষগুলোকে শ্রদ্ধায়, কৃতজ্ঞতায় না বাঁধার ভুলটি করেননি তপন চৌধুরী। সম্মান জানিয়েছেন সুব্রত বড়ুয়া রনি, নকীব খান, ঝিলু খান, আইয়ুব বাচ্চু, আমজাদ হোসেন, আলাউদ্দিন আলী ও তাজুল ইমামকে।

শ্রোতার হৃদয়ে ঠাঁই তিনি আগেই পেয়েছিলেন, শিল্পসঙ্গীদের হৃদয়ের স্থায়ী আসনটুকু পোক্ত করে নিলেন সেদিন সন্ধ্যায়। নিজের জন্য জমানো ভালোবাসার পরিমিতিটা এভাবেই জেনে নিলেন ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানের শিল্পী তপন চৌধুরী। শ্রোতাদের প্রতিও অপার-অজস্র কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এরপর থেকে শিল্পাঙ্গনের মানুষেরা হয়তো বলবেন, সম্মান জানাতে হলে তপন চৌধুরীর মতো করেই জানানো উচিত।

তাঁর নতুন ডিজিটাল অ্যালবামটির জন্য পাঁচটি গান সুর করেছেন সুবীর নন্দী, একটি করে পুলক অধিকারী ও সেজান মাহমুদ। লিখেছেন মাহবুব পিলু, মিলন খান, কবির বকুল ও সাইফুল ইসলাম মুকুল। সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন, সুমন কল্যান ও উজ্জ্বল সিনহা। অ্যালবামে রাখা হয়েছে পুরোনো দুটি গান—‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’ ও ‘যেতে যেতে কেন পড়ে বাধা’।