ভালোবাসি ভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টেন স্টুয়ার্ট ও পারসোনাল শপার ছবির পরিচালক অলিভার আসায়াস l ছবি: এএফপি
ক্রিস্টেন স্টুয়ার্ট ও পারসোনাল শপার ছবির পরিচালক অলিভার আসায়াস l ছবি: এএফপি

‘টোয়ালাইট ছবিতে ছিল ভ্যাম্পায়ারের সঙ্গে প্রেম। আর পারসোনাল শপার ছবিতে আপনার সঙ্গে আছে একটা ভূত বা অশরীরী। কী মনে করেন, ভূত নাকি ভ্যাম্পায়ার—কোনটা ভালো?’ জিজ্ঞেস করেছিলাম ক্রিস্টেন স্টুয়ার্টকে।
উত্তরটা যেন তৈরিই ছিল। এক মুহূর্তও না ভেবে ক্রিস্টেন বললেন, ‘ভূত’। ভূত কেন ভালো সেটা জানতে চাইব কি না, ভাবছিলাম। কিন্তু মনে হলো টোয়ালাইট কন্যার মেজাজ-মর্জি বিশেষ সুবিধার নয়। তাই তো তাঁকে আর ঠিক ঘাঁটানো গেল না! মেজাজ খারাপ যে সত্যি সেটা নিশ্চিত বুঝলাম ১৭ মে সংবাদ সম্মেলন শেষে। আলাপ শেষে তারকারা বেরিয়ে যাওয়ার সময় কিছু সাংবাদিক অটোগ্রাফ শিকারি বনে যান। তারকারাও হাসিমুখে সেই অনুরোধ রাখেন। কিন্তু ক্রিস্টেন কাউকে অটোগ্রাফ তো দিলেনই না, উল্টো সামনের দস্তখতশিকারিদের দিকে তাকিয়ে, ‘আমাকে রেহাই দিন, প্লিজ’-জাতীয় একটা ভঙ্গি করলেন। তারপর বেরিয়ে গেলেন গটমট করে। একবারও পেছনে তাকালেন না।
মেজাজ খারাপ থাকার যথেষ্ট কারণও অবশ্য আছে। দু-দুটো ছবি নিয়ে কান উৎসবে এসেছিলেন ক্রিস্টেন। তাঁকে ঘিরে সবার আগ্রহও ছিল দারুণ। কিন্তু শেষটা ঠিক ভালো হলো না। এবার প্রতিযোগিতা বিভাগে ১৭ মে প্রদর্শিত তাঁর পারসোনাল শপার ছবিটি দর্শকের ভালো সাড়া পায়নি। এমনকি ছবি শেষে শোনা গেছে দর্শকদের দুয়োধ্বনিও। মনমেজাজ খারাপ তো হতেই পারে এই হলিউড নন্দিনীর।