ভালোবেসে আঁকা ছবিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারি এথেনায় বিশ্বজিৎ​ গোস্বামীর একটি চিত্রকর্ম
গ্যালারি এথেনায় বিশ্বজিৎ​ গোস্বামীর একটি চিত্রকর্ম

গ্যালারি এথেনাতে অভ্যর্থনা জানাবে এক জোড়া বেয়ারের ভূতিহাঁস। এতটাই জীবন্ত যে চোখ আটকে যাবে। তবে বেশিক্ষণের জন্য নয়। কারণ দেয়াল জুড়ে ধ্বংসস্তূপের ছবি। নেপালের রূপ যাঁদের জানা, সেসব ছবি দেখে তাঁদের চোখে জলও চলে আসতে পারে। গতকাল সোমবার গ্যালারি এথেনায় ঢুকেই ওই ছবিগুলো কেন দেখতে হবে! আলোকচিত্রী আবীর আব্দুল্লাহর তোলা ছবিগুলোই বলে দিচ্ছিল—বিধ্বস্ত দেশটির জন্য আমাদেরও কিছু করার আছে।
গ্যালারির ভেতরে সেই প্রচেষ্টারই ছাপ। সাজিয়ে রাখা হয়েছে দেশের ৮৭ জন চিত্রশিল্পীর আঁকা ৮৭টি চিত্রকর্ম। নানা সময়ে ভালোবেসে আঁকা ওই ছবিগুলো শিল্পীরা সেখানে রেখেছেন বিক্রির জন্য। বাজারমূল্য ৪০ থেকে ৫০ শতাংশ কম দামে সেই ছবিগুলো বিক্রি হবে। বিক্রির টাকায় নেপালের ভূমিকম্প কবলিতদের জন্য কেনা হবে জীবনধারণের, ঘুরে দাঁড়ানোর মৌলিক উপকরণ।
কার ছবি নেই সেখানে! গ্যালারি ঘুরে ঘুরে দেখা গেল হামিদুজ্জামান খান, আবদুস শাকুর, আবুল বারাক আলভি, কালিদাস কর্মকার, চন্দ্রশেখর দে, মোহাম্মদ ইউনুস, শহীদ কবির, কনকচাঁপা চাকমাসহ অনেক শিল্পীর ছবি। সেগুলোর মধ্যে রয়েছে ছাপচিত্র, ইচিং, কাগজে অ্যাক্রিলিক, ক্যানভাসে অ্যাক্রিলিক, স্কেচ, ট্র্যাপিস্টির কাজ। নিজেদের ছবিগুলো দেওয়ার পাশাপাশি গ্যালারি সাজিয়ে দিয়েছেন শিল্পী কে এম মিঠু, বিশ্বজিৎ গোস্বামী, মাহবুবুর রহমান, তৈয়বা বেগম লিপি ও জামাল আহমেদ। গ্যালারির সহকারী ব্যবস্থাপক মো. শরীফুল ইসলাম জানান, এই প্রদর্শনীর জন্য কোনো খরচ নিচ্ছেন না তাঁরা। ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে একটি আলোকচিত্র, ৩০টি চিত্রকর্ম ও দুটি ভাস্কর্য। অবশিষ্ট ভাস্কর্যটি গর্জন কাঠে খোদাই করে তৈরি একটি মানুষের অবয়ব। সেটির কাছে গিয়ে দেখা গেল ইংরেজিতে শিল্পীর নাম লেখা ‘তেজস হালদার।’ কত দীর্ঘ সময়, শ্রম, প্রেম আর মমতায় গড়া অসাধারণ এই ভাস্কর্যটি তিনি মানবতার সেবায় বিলিয়ে দিলেন! শিল্পীরা তো এমনই!
রোববার সন্ধ্যা ছয়টায় প্রগতি সরণির এজে হাইটসের তিনতলায় এই প্রদর্শনীটি উদ্বোধন করা হয়। আর সব প্রদর্শনীর মতো উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সব শিল্পী, ছিলেন না কোনো ‘অতিথি’। এই মহৎ উদ্যোগের পেছনে আছেন শিল্পী কনকচাঁপা চাকমা ও গ্যালারি এথেনার চেয়ারম্যান নিলু রওশন মোরশেদ। প্রদর্শনীর আগের মাঝরাত পর্যন্ত উপস্থিত থেকে গ্যালারি প্রস্তুতির তদারকও করেন তাঁরা। প্রদর্শনীতে ২৭ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা ঘুরে আসার আমন্ত্রণ জানালেন আয়োজকেরা। উত্তর বাড্ডার হোসেন মার্কেটের ঠিক উল্টো দিকে তাকালেই চোখে পড়বে গ্যালারিটি।