ভালো আছেন অ্যান্টোনিও

গত ১৯ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েছিলেন ‘জোরো’ তারকা অ্যান্টোনিও ব্যান্ডারাস। শারীরিক কসরত করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করছিলেন ৫৬ বছর বয়সী এই স্প্যানিশ অভিনেতা। সঙ্গে সঙ্গে লন্ডনের অদূরে সুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেদিনই বাড়ি ফিরতে পেরেছেন অ্যান্টোনিও।
অ্যান্টোনিওর মুখপাত্র জানান, ‘আমরা নিশ্চিত করছি যে বৃহস্পতিবার অ্যান্টোনিও ব্যায়াম করার সময় বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যা-ই হোক, সেদিনই চিকিৎসক অ্যান্টোনিওর স্বাস্থ্য পরীক্ষা করে সুস্থ আছেন বলে তাঁকে ছেড়ে দেন।’ তিনি আরও জানান ওই অসুস্থতা সামান্য ব্যাপার ছিল। এতে ভয়ের কোনো কারণ নেই।
সেরে উঠে চাঙা হয়ে সোমবার ইনস্টাগ্রামে এই ব্যাপারে ভক্তদের জানান অ্যান্টোনিও। প্রেমিকা নিকোল কিম্পেলের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি দিয়ে স্প্যানিশ ভাষায় লিখেছেন, এখন তিনি ভালো আছেন আর প্রকৃতি উপভোগ করছেন।
পিপল