ভালো ছবি পেলে অভিনয় করবেন রিয়াজ

‘ডিজিটাল প্রযুক্তির ছবির নামে এখন অনেক কিছুই হচ্ছে, এসব ছবির সঙ্গে নিজেকে যুক্ত করার কোনো ইচ্ছে নেই। তবে খুব ভালো গল্প আর ভালো নির্মাতার কাজ অবশ্যই করব।’ বললেন চলচ্চিত্রে জনপ্রিয় অভিনয়শিল্পী রিয়াজ। সাত মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। যুক্তরাষ্ট্রে রিয়াজ স্থায়ী হচ্ছেন, এমনটি শোনা গেলেও রিয়াজ তা গুজব বলে মন্তব্য করেন। রিয়াজ জানান, তিনি আশিয়ান গ্রুপের পরিচালক। যুক্তরাষ্ট্রে আশিয়ান গ্রুপের শাখা অফিস করার জন্য সেখানে গিয়েছিলেন।
চলচ্চিত্র নিয়ে রিয়াজ বলেন, ‘দেশের এখন যে অবস্থা, চলচ্চিত্রের মধ্য দিয়ে এ ব্যাপারে সবাইকে ইতিবাচক কিছু দিকনির্দেশনা দেওয়া সম্ভব। চলচ্চিত্র কিন্তু শুধু বিনোদনের মাধ্যম নয়, পাশাপাশি তা মানুষের চিন্তাভাবনা করার খোরাক জোগায়। এই মাধ্যমকে আমরা ইতিবাচকভাবে কাজে লাগাতে পারি।’
চলচ্চিত্র প্রযোজনার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন রিয়াজ। তিনি বলেন, ‘ভালো গল্প ও নির্মাতা পেলে আমরা প্রয়োজনে আশিয়ান গ্রুপ থেকেও প্রযোজনা করব।’