ভালো থাকিস রে বন্ধু
ক্লোজআপ ওয়ানের গ্রুমিং সেশনেই আবিদ-পুতুলের জানাশোনা। সেই জানাশোনাই একসময় রূপান্তরিত হয় বন্ধুত্বে। একসঙ্গে উপস্থাপনা করেন বিটিভির একটি অনুষ্ঠান, অতঃপর ক্লোজআপ ওয়ান তৃতীয় আয়োজনেও তাঁরা সহ-উপস্থাপক। অবেলায় হারানো বন্ধুর স্মৃতিচারণা করেছেন পুতুলআবিদের সঙ্গে আমার প্রথম পরিচয় ২০০৫ সালে। ক্লোজআপ ওয়ানের গ্রুমিং সেশনে দেখতাম নম্র, বিনয়ী, হাস্যোজ্জ্বল একটি ছেলে পুরো জায়গাটা মাতিয়ে রাখত। তবে বন্ধুত্ব হওয়ার মতো সম্পর্কের গভীরতা তখনো হয়নি আমাদের। এরপর কিছুদিনের বিরতি। ২০০৮ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি। বিটিভিতে দুজন মিলে একটা অনুষ্ঠানের দুটি পর্ব উপস্থাপনা করলাম। এর কয়েক মাস পরই ক্লোজআপ ওয়ানের তৃতীয় আয়োজনের উপস্থাপক নির্বাচনের জন্য অডিশনের ডাক পড়ল অনেকের মতো আমাদের দুজনের। দুজনই নির্বাচিত হলাম। শুরু হলো আমাদের একসঙ্গে পথচলা। আবিষ্কার করতে থাকলাম এক অন্য আবিদকে। উপস্থাপনায় আমার চেয়ে তখন ওর অভিজ্ঞতা কিছুটা বেশি। কোথাও আটকে গেলেই সাহস দিত। উৎসাহ দিত। কখন বন্ধুত্বটা এই স্তরে গিয়ে ঠেকল যে একজন আরেকজনের জন্য অপরিহার্য হয়ে উঠলাম টের পাইনি।ক্লোজআপ ওয়ানের শুটিংয়ে যখন সারা দিন এফডিসিতে থাকতাম, তখন কীভাবে যে সময় কেটে যেত! ভীষণ উপভোগ করতাম একজন আরেকজনের সঙ্গ। আমাদের দেখে সুজেয় শ্যাম স্যার হেসে হেসে বলতেন, ‘তোদের দুজনকে দেখলে মনে হয়, দুটো সাদা পায়রা এফডিসিতে ঘোরাঘুরি করছে।’ সেই দুটো পায়রার একটা কোন অভিমানে দূর অজানায় ডানা মেলে উড়ে গেল কে জানে! আবিদ প্রায়ই বলত, ‘পুতুল জানিস, তোর সঙ্গে আড্ডা দিলে আমার কথা শেষই হয় না, কত কথা মনে পড়ে। অথচ অন্যদের সঙ্গে কথা বলতে বলতে মনে হয়, এই বুঝি সব কথা ফুরিয়ে গেল।’আমার কণ্ঠে একটা গান আবিদের খুব প্রিয় ছিল, ‘আমি জায়গা কিনব কিনব করে পেয়ে গেলাম জায়গাসুদ্ধ বাড়ি।’ সেই আবিদ সত্যিই এখন সেই জায়গাসুদ্ধ বাড়ির বাসিন্দা।আমি ‘কলের গান’ অনুষ্ঠানটির সঞ্চালক। আমাকে প্রায়ই দুষ্টুমি করে বলত, ‘পুতুল, জায়গাটা ছেড়ে দে, তুই ছাড়লেই আমি রেডি।’আবিদের সঙ্গে শেষ দেখা হয় ৫ জুলাই এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে। সব সময়ের মতো সেদিনও ফোন করে বলেছিলাম। ‘আবিদ, আমাকে তোর সঙ্গে নিবি?’ ও বলেছিল, ‘অবশ্যই ম্যাডাম। আপনাকে ছেড়ে আমি কখনো গেছি?’ কিন্তু আবিদ তুই তোর কথা রাখলি না। সব ছেড়েছুড়ে তুই চলেই গেলি।মিডিয়ায় আমার একমাত্র বন্ধুর নাম আবিদ। সে হাসতে জানত, হাসাতে জানত। শিশুসুলভ সারল্য ছিল ওর মধ্যে। মানুষের দুঃখে সমব্যথী হতে জানত। ওর কণ্ঠে আমার সবচেয়ে প্রিয় রবীন্দ্রসংগীতটির পরিচিত লাইনগুলো নতুন অর্থ নিয়ে আমাকে ভাবাবে কে জানত—‘জাগরণে তারে না দেখিতে পাই থাকি স্বপনের আশে/ ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপন পাশে/ এত ভালোবাসি এত যারে চাই,/ মনে হয় নাতো সে যে পাশে নাই/ যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি।/ দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি।’ আবিদ, ভালো থাকিস রে বন্ধু...।