ভালো ফুটবল খেলার অনেক সুনাম ছিল আমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামল মাওলা
শ্যামল মাওলা

মঞ্চ ও টিভিতে নিয়মিত কাজ করছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। চলচ্চিত্রে অভিনয়েরও প্রস্তাব পাচ্ছেন তিনি। ব্যাটে-বলে মিলে গেলে শিগগির চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হবেন। এই মুহূর্তে ঈদের নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বর্তমান কাজ এবং ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।
ঈদের নাটক...
ঈদ উপলক্ষে এখন পর্যন্ত সাতটি নাটকে কাজ করেছি। সেগুলোর মধ্যে রয়েছে গৌতম কৌরীর ‘কাগজের ক্যামেরা’ এবং মেহেদী হাসান পিংকুর ‘ঢাকা মেট্রো’। বাকিগুলোর নাম এই মুহূর্তে মনে করতে পারছি না।
মাল্যদান...
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প নিয়ে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। আমি দ্বিতীয়বারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে কাজ করলাম। এখানে আমার সহ-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। এর আগেও তাঁর সঙ্গে কাজ করেছি। আমার প্রিয় সহ-অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। ‘মাল্যদান’ নাটকে কাজ করে অনেক ভালো লেগেছে। নাটকটি রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকীতে প্রচারিত হবে।
সহ-অভিনেত্রী মৌ...
অনেক অনেক ভালো। কাজের ব্যাপারে তিনি অনেক যত্নশীল।
বিশেষ কোনো চরিত্রের প্রতি দুর্বলতা...
চোর চরিত্রে অভিনয় করতে চাই। আমি অভিনয় করে চুরি করার অভিজ্ঞতা নিতে চাই। এই চরিত্রের প্রতি আমার কৌতূহল কাজ করে খুব বেশি।
অভিনেতা না হলে...
খেলোয়াড় হতাম। আমি ছোটবেলায় ফুটবল, ক্রিকেট অনেক খেলেছি। আমি আমার দলের বাইরেও বিভিন্ন দলের হয়ে খেলতাম। ভালো ফুটবল খেলার জন্য আমার অনেক সুনাম ছিল।

বিশ্বকাপ ফুটবল...

নিয়মিত খেলা দেখছি। আমার পুরো পরিবার আর্জেন্টিনার ভক্ত। আমিও আর্জেন্টিনার সমর্থক।

ভবিষ্যতে শ্যামল মাওলা...

শুধুই অভিনয় করে যেতে চাই। চলচ্চিত্রেও অভিনয় করার প্রস্তাব পাচ্ছি। কথাবার্তা পুরোপুরি ঠিক হলে খুব শিগগির চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হব।