ভালো মন্দ মিলিয়ে ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ঈদে মুক্তি পেয়েছে তিনটি ছবি। ঢাকার প্রেক্ষাগৃহে সেসব ছবি দেখার জন্য দর্শকদের ভিড়ও লক্ষণীয়। তবে গত ঈদের তুলনায় এই ঈদে ব্যবসা কম হচ্ছে বলে দাবি সিনেমা হল কর্তৃপক্ষের। ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে লিখেছেন হাবিবুল্লাহ সিদ্দিক

ঢাকার সিনেমা হলগুলোর সামনে ঈদের ছবির পোস্টার
ঢাকার সিনেমা হলগুলোর সামনে ঈদের ছবির পোস্টার

কাকরাইলের রাজমণি প্রেক্ষাগৃহের সামনে দুটি ছবির পোস্টার লাগানো। একটি ঈদে মুক্তি পাওয়া শ্যুটার, আরেকটি কলকাতার ছবি কেলোর র্কীতি। ঈদ উপলক্ষে দুটি সিনেমাই চলছে এই প্রেক্ষাগৃহে। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সরেজমিনে গেলে প্রেক্ষাগৃহের এক কর্মী জানালেন, দুটিই ভালো ব্যবসা করছে।
মতিঝিলের মধুমিতা প্রেক্ষাগৃহে চলছে শ্যুটার। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বললেন, ‘ঈদের ছবি বলে খুব যে আহামরি ব্যবসা করছে তা নয়। অ্যাভারেজ দর্শক। দুই সপ্তাহ চলবে শ্যুটার। দেখা যাক কী হয়।’
প্রেক্ষাগৃহের বাইরে অবশ্য বেশ কয়েকজন দর্শক অপেক্ষায় ছিলেন ছবিটি দেখার জন্য। তাঁদের একজন বললেন, ‘শাকিবের ছবি তো দেখতেই হবে।’ এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন নবাগত শবনম বুবলি।
মধুমিতা থেকে সামনে এগিয়ে গেলেই টিকাটুলির অভিসার সিনেমা হল। সেখানে চলছে বসগিরি চলচ্চিত্রটি। হলের ভেতরে দর্শক আছেন বেশ। কিন্তু কথা বলার মতো কাউকে পাওয়া গেল না। অভিসার সিনেমা হলের সামনে বাদামের দোকান। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদামের দোকানের সামনে বেশ ভিড় দেখা গেল। ভিড়ের মধ্য থেকে একজন বললেন, ‘শাকিবের সঙ্গে নতুন নায়িকা। দেখি কেমন করছে।’
উল্লেখ্য, বসগিরিতেও অভিনয় করেছেন শাকিব ও বুবলী।
রাজধানীর শ্যামলী সিনেমা হলে চলছে রক্ত চলচ্চিত্রটি। পরীমনির বিপরীতে নবাগত রোশানের অভিষেক ঘটছে এই ছবিতে। ‘আলোচিত’ তকমা লাগানো পরীমনির ছবিটি মুক্তির আগে আশা জাগালেও শ্যামলী পেক্ষাগৃহের হাউস ম্যানেজার আহসান উল্লাহ খানিকটা হতাশ। বললেন, ‘ছবিটির কাহিনি কিছুদিন আগে মুক্তি পাওয়া অগ্নি চলচ্চিত্রটির মতো। ঈদের ছবি বলে খুব যে আহামরি দর্শক আসছে এমন নয়।’
তবে আরও একটি তথ্য দিলেন আহসান উল্লাহ। শ্যামলী প্রেক্ষাগৃহের নতুন করে সংস্কার করার পর দর্শক শ্রেণির পরিবর্তন হয়েছে। এখন এই এলাকার স্থায়ী বাসিন্দা ও মধ্যবিত্তরা এই প্রেক্ষাগৃহে আসছেন। বিকেলের শোতে বেশ দেখা মিলছে সেই দর্শকদের। নিয়মিত কিছু দর্শকও তৈরি হয়েছে বলে জানালেন তিনি।
ঢাকার নিউমার্কেট এলাকার অর্ধশত বছরের পুরোনো প্রেক্ষাগৃহ বলাকায় ঈদ উপলক্ষে চলছে রক্ত। হলের সামনে দর্শকদের জটলা দেখে বোঝা গেল ছবিটির দর্শকের কমতি নেই। দর্শকের জটলার সঙ্গে কথার সত্যতা মিলল হলের ব্যবস্থাপক আকতার হোসেনের। বললেন, ‘ঢাকার অনেকগুলো সিনেমা হলের খবর নিয়েছি আমি। সেগুলোর চেয়ে আমাদের হলে দর্শক সমাগম বেশ। তবে গত ঈদের সঙ্গে মেলালে হবে না। কারণ গত ঈদে আমরা বাদশা সিনেমা থেকে প্রতিদিন প্রায় তিন লাখ টাকা সেল করেছি। আর এবার হচ্ছে লাখ টাকারও কম।’
বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স এ ঈদ উপলক্ষে চলছে বসগিরি ও রক্ত। সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মিডিয়া ও বিপণন) মেজবাহ উদ্দিন জানালেন, দুটোই মোটামুটি চলছে। আলাদা কিছু নেই।
ঢাকার বাইরে বিভিন্ন শহরে খোঁজ নিয়ে যা জানা গিয়েছিল, তাতে পরিষ্কার—হলে দর্শক কম। একটা সময় ছিল যখন ঈদে মুক্তি পাওয়া সিনেমা দেখতে সারা দেশের হলে হলে থাকত উপচে পড়া দর্শক। এখন তাতে ভাটা পড়েছে। সংশ্লিষ্ট হলমালিকেরা এ ব্যাপারে যা বলেছেন, তার নির্যাস হলো, চলচ্চিত্রের অগ্রযাত্রার জন্য এ কোনো শুভ লক্ষণ নয়।