ভালো মানুষ গড়ার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসংগীতশিল্পী সুস্মিতা আহমেদের শুরুটা হয়েছিল নজরুলের গান দিয়ে। বয়স তখন কত ছিল? সুস্মিতা বললেন, ‘কত ছিল তা মনে নেই।তবে তখন চতুর্থ বা পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিলাম।’ ছায়ানটে প্রারম্ভিক ক, খ শেষ করে টানা পঞ্চম বর্ষ পর্যন্ত তিনি ছিলেন নজরুলসংগীত বিভাগের ছাত্রী। বাবা প্রকৌশলী। তাঁর ইচ্ছা, মেয়ে চিকিত্সক হবে। তাই উচ্চমাধ্যমিক পাস করার পর মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতি। সুযোগও পেলেন ময়মনসিংহ মেডিকেল কলেজে। মাস দেড়েক পরই চলে এলেন ঢাকায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। পড়াশোনাটা তো বাবার পছন্দমতো ঠিকই এগোল। কিন্তু মাঝপথে থেমে গেল গান শেখা। ছায়ানটে নজরুলসংগীতের কোর্স আর শেষ করা হলো না। তবে গানের চর্চা থামাননি সুস্মিতা। প্রায় প্রতিদিন নিয়ম করে বসতেন রেয়াজ করতে। তাহলে সুস্মিতা রবীন্দ্রসংগীতের শিল্পী হলেন কীভাবে?‘সেটাও এক মজার ঘটনা।’ সুস্মিতা বলেন, ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে তখন মাত্র এসেছি। সাংস্কৃতিক সপ্তাহ হবে। সব গানই ভালো পারি, কিন্তু রবীন্দ্রসংগীতটা আরেকটু ভালো করা প্রয়োজন। কারণ ওটা সেভাবে শেখা হয়নি। যতটুকু করতাম, রেজওয়ানা চৌধুরী বন্যার ক্যাসেট শুনে শুনে। তখন আম্মা আমাকে নিয়ে গেলেন মিতা হকের কাছে। সেই দিন আর সেই মুহূর্তগুলোর জন্য এখনো আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। কারণ আমার বদলে যাওয়ার শুরুটা তখন থেকেই। রবীন্দ্রনাথের গানের সঙ্গে পরিচিত হলাম। গান শেখা আর গাওয়ার একটা নেশা তৈরি হলো আমার মধ্যে।’ সময়টা ছিল ১৯৮৮ সাল। প্রথম বছরই কলেজের সাংস্কৃতিক সপ্তাহের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন সুস্মিতা। এরপর মিতা হকের অনুপ্রেরণায় রবীন্দ্রসংগীত শেখাটা চলল পুরোদমে। আর মেডিকেল কলেজের পড়াশোনা তো আছেই। কিছু দিন পর মিতা হক তাঁর ছাত্রছাত্রীদের নিয়ে একটি সংগঠন করলেন, সুরতীর্থ। এই সংগঠনের প্রথম অনুষ্ঠানটি ছিল বসন্ত বন্দনা। রুশ সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে হয়েছিল সেই অনুষ্ঠান। সেদিন মঞ্চে সুস্মিতা গেয়েছিলেন ‘তুমি কোন পথে যে এলে’ গানটি। দর্শকসারিতে বসে গান শুনে মুগ্ধ হয়েছিলেন ওয়াহিদুল হক। অনুষ্ঠান শেষে সুস্মিতাকে কাছে টেনে নিলেন, আশীর্বাদ করলেন। মিতা হককে বললেন, ‘ওকে আনন্দধ্বনির সদস্য করে নাও।’সুস্মিতা বললেন, ‘রবীন্দ্রসংগীতের যে আরেকটা জগত্ আছে, তার দরজা আমার সামনে খুলে গেল। রবীন্দ্রসংগীতের পাশাপাশি আমি কিছু ভালো মানুষের সন্ধান পেলাম। যাঁরা আমাকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করলেন।’ এরপর সুস্মিতা যুক্ত হলেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সঙ্গে। এখন তিনি এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। পাশাপাশিতিনি এখন একজন চিকিত্সকও। মিতা হকের কাছে গান শেখা তাঁর থামেনি। এরই মধ্যে সন্জীদা খাতুনসহ পেয়েছেন আরও অনেকের সান্নিধ্য। অল্প দিনেই সুস্মিতা সবার কাছের একজন হয়ে গেলেন। সুস্মিতা এখনো শিখছেন। অন্যকে গান শেখানোর কথা ভাবতেই পারেন না। কিন্তু রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ থেকে যখন কোনো জেলায় তাঁকে প্রশিক্ষণ দেওয়ার জন্য পাঠানো হয়, ওই কাজটা দারুণ উপভোগ করেন তিনি। এ পর্যন্ত দেশের অনেক জেলায় প্রশিক্ষণ দিয়েছেন। তবে খুব আনন্দ পেয়েছেন চাঁদপুর আর কুমিল্লায়। ওখানকার ছেলেমেয়েদের মেধার প্রশংসায় পঞ্চমুখ তিনি। গত মাসে বেরিয়েছে সুস্মিতার একটি অডিও অ্যালবাম, ডেকেছেন প্রিয়তম। সুস্মিতা বললেন, ‘এটি কিন্তু আমার তৃতীয় অ্যালবাম।’ হ্যাঁ, প্রথমটি বেরিয়েছিল ২০০৩ সালে। নাম ছিল আজি তোমায়। ওই অ্যালবামের পাঁচটি গান চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানের জন্য ধারণ করিয়েছিলেন সাদী মহম্মদ। এখনো প্রায়ই গানগুলো সকালে পরিবেশিত হয়। এর পরেরটি বেরিয়েছিল তিন বছর পর, কলকাতা থেকে, তোমার সুর শোনাই। সুস্মিতার একটি অ্যালবামের সিডি ভারতের তারা মিউজিক চ্যানেল কর্তৃপক্ষের কাছে দিয়েছিলেন ফাহিম হোসেন চৌধুরী। এরপর সুস্মিতাকে আমন্ত্রণ জানায় চ্যানেল কর্তৃপক্ষ। সুস্মিতা বললেন, ‘এটা আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। কারণ চ্যানেল কর্তৃপক্ষ আমার কণ্ঠে রবীন্দ্রসংগীতের ১০০টি গান রেকর্ড করিয়েছেন। প্রায় প্রতিদিনই এর মধ্য থেকে প্রচার করা হচ্ছে।’ এবারের অ্যালবামটি নিয়ে সুস্মিতা বললেন, ‘রবীন্দ্রনাথের গানের যে গভীরতা আছে, এর গায়কী, গানগুলোর প্রতি অন্য রকম একটা ভালো লাগা—সবই ফুটে উঠেছে এখানে। আর ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে এই অ্যালবামের মোড়ক খুললেন সন্জীদা খাতুন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মফিদুল হক, মিতা হক। এটা আমার জন্য অনেক বড় আশীর্বাদ।’ ভারতেও সুস্মিতার গান এখন অনেকেই শুনছে। তাই তো আগরতলায় এবং কলকাতার রবীন্দ্রসদনে আয়োজন করা হয়েছে সুস্মিতার একক গানের অনুষ্ঠান। এখনই গানের শিক্ষকতা করার কোনো ইচ্ছে নেই তাঁর। বললেন, ‘এর জন্য আরও প্রস্তুতির প্রয়োজন।’ তবে আগামী দিনে গানের মধ্য দিয়ে ভালো মানুষ গড়ার স্বপ্ন দেখেন তিনি।