প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাদার মৃত্যুসংবাদ শুনেই মনটা খারাপ হয়ে গেল। কিছু মৃত্যু সহজে মেনে নেওয়া খুব কষ্টের। সুভাষ দত্তদার মৃত্যুসংবাদটা তেমনই। দাদার সঙ্গে আমি প্রথম কাজ করি আবির্ভাব ছবিতে। এ ছাড়া আমার প্রযোজিত তিনটি ছবিও তিনি পরিচালনা করেছিলেন। তাঁর পরিচালনায় সর্বশেষ ফুলশয্যা ছবিতে অভিনয় করেছিলাম। চলচ্চিত্রের প্রতি তাঁর যে মমত্ববোধ, সেটা মুগ্ধ করার মতো ছিল। সুভাষ দত্তদের মতো মানুষের কারণেই বাংলা চলচ্চিত্র গৌরবের পথে হেঁটেছে। এরই মধ্যে অনেকে চলে গেছেন। এবার চলে গেলেন সুভাষ দত্ত। তাঁর কাছ থেকে অনেক কিছুই শেখার ছিল এবং আছে। দাদার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র একজন শক্তিমান চলচ্চিত্রকর্মীকে হারাল; আর আমরা হারালাম একজন ভালো মানুষকে।