দেশে, মানে ঢাকায় শেষ কবে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখেছি, মনে পড়ে না। সম্ভবত সেটা ২৫-৩০ বছর আগে। লন্ডনে অবশ্য দেখা হতো, কিন্তু তা-ও ইংরেজি বা হিন্দি ছবি। সেখানে বাণিজ্যিকভাবে সেসবই চলে। লন্ডন চলচ্চিত্র উৎসব অথবা ন্যাশনাল ফিল্ম থিয়েটারের কখনোসখনো বাংলা ছবি দেখেছি। তাতে কি তৃষ্ণা মেটে? তবে এবার নববর্ষের উৎসবে ঢাকায় ছিলাম; আর সে সময়ই সুযোগ ঘটে বহুকাল পর প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার। কাগজে দেখলাম, মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ নামে একটি ছবি চলছে। মোরশেদ আমার প্রিয় এবং স্নেহভাজন চিত্রনির্মাতা। এর আগে ওর অনেক ছবি দেখে ভালো লেগেছে। আমাদের প্রিয় বটুভাইয়ের (মাহমুদুল হক) উপন্যাস অবলম্বনে তৈরি খেলাঘর দেখে তো রীতিমতো মুগ্ধ হয়েছি। আমার বন্ধু রাশেদ ছবিটি দেখার আরও একটি আকর্ষণ, আমার প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের লেখা কাহিনি অবলম্বনে এটি নির্মিত। তাই সময় করে স্টার সিনেপ্লেক্সে গেলাম আমার বন্ধু রাশেদ দেখতে। মুক্তিযুদ্ধের সময়কার কাহিনি। কিশোরদের জন্য লেখা গল্প নিয়ে কিশোরদের জন্যই তোলা ছবিটি। কিন্তু আমার বয়সী কারও ছবি দেখার সময় মনে হয়নি, এ ছবি তো আমাদের জন্য নয়। এ যেন সবার জন্য। যাঁরা মুক্তিযুদ্ধ দেখেছেন, মুক্তির সংগ্রামের সঙ্গে জড়িত থেকেছেন, তাঁদের জন্য। যারা সে সময় জন্মায়নি, মা-বাবা বা অন্য কারও মুখে সেই অগ্নিঝরা সময়ের কথা শুনেছে, তাদের জন্য। আবার যারা সেসব কাহিনি শোনেনি, বিশেষ করে তাদের জন্য। মুক্তিযুদ্ধের সময় মফস্বল শহরের ছেলে রাশেদ, অন্য কিশোরদের অভিজ্ঞতা আর মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের জড়িয়ে পড়ার কাহিনি, যা আমার মতো যুদ্ধের সময় রাজধানীর বাইরে অন্য কোনো শহরে থাকা মানুষকে সেই সময়ের উত্তেজনা-উদ্দীপনা-বেদনা আর আশা নিয়ে প্রতীক্ষার স্মৃতির কথা মনে করিয়ে দেবে। আমরা ছিলাম খুলনায়। ছবিতে দেখা পরিবারগুলোর মতোই আতঙ্ক আর প্রত্যাশার দোলাচলে আত্মার আত্মীয় প্রতিবেশীদের আঁকড়ে ধরে বেঁচে ছিলাম। পরিচিত মানুষজন খুলনা নিউজপ্রিন্ট মিলের কলোনিতে আমাদের বাড়ির পেছনের দেয়ালের ওপারে পাকিস্তানি নৌবাহিনীর সদস্যদের গুলিতে শহীদ হয়েছে। যে কয়দিন সেখানে ছিলাম, আমাদের নিদ্রাহীন রাত কেটেছে গুলির আওয়াজ শুনে। আমরাও লুকিয়ে স্বাধীন বাংলা বেতার শুনেছি আর মুক্তিবাহিনীর সাফল্যে আনন্দে উদ্বেল হয়েছি। নিউজপ্রিন্টের বাইরে খালিশপুরে ছিল বিরাট বিহারি কলোনি। সেখান থেকে কিছু বিহারি এসে মার্চ মাসের শেষ দিকে নিউজপ্রিন্টের ভেতরে ঢুকে নারী-পুরুষনির্বিশেষে ২৭ জনের গলা কেটে দিয়েছিল। আমরা অনেকে ভৈরব নদের তীরে ম্যানেজারের বাংলোতে গাদাগাদি করে সেদিন মৃত্যুর জন্য অপেক্ষা করেছিলাম। সেসব দিন ভোলার নয়। আজ এত বছর পর মোরশেদের ছবি দেখে সেই স্মৃতি উথলে উঠল। রাজধানীর বাইরে বাংলার নানা শহরের অনেক মানুষই আমার মতো এই ছবির সঙ্গে রিলেট করতে পারবেন। রাজধানীর বাইরের একটি শহরের সেই সময়ের অবিকল একটি ছবি আমাদের সামনে হাজির করেছেন মোরশেদুল ইসলাম। রাশেদ আর তার বন্ধু এবং অন্য চরিত্রগুলোও আমাদের খুব চেনা। আমরা তাদের দেখেছি, ভালোবেসেছি, তাদের সাফল্যের জন্য প্রার্থনা করেছি। নিজের চোখে অ্যাম্বুশ দেখিনি, কিন্তু মুক্তিযোদ্ধা ভাইদের কাছে তো শুনেছি। আমার বন্ধু রাশেদ দেখে মনে হলো, হ্যাঁ, এ রকমই তো! এর কথাই তো জেনেছি! আমি চিত্র সমালোচক নই। আমি শুধু দর্শক হিসেবে আমার দেখা, ভালো লাগা একটি ছবি সম্পর্কে আমার অনুভূতির কথা বলতে পারি। আমার বন্ধু রাশেদ ছবিতে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের সবাই বাস্তবানুগ অভিনয় করেছেন। পরিচিত অভিনেতারা তো আছেনই, বিশেষ করে শিশুশিল্পীদের কথা বলতে হয়। প্রতিষ্ঠিত অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, ওয়াহিদা মল্লিক জলি, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ইনামুল হক তো আছেনই; পাশাপাশি আরও অনেক নাম—চৌধুরী আফনান, রায়ান ইবতেশাম চৌধুরী, রিফাত জিনাত, ফাইয়াজ বিন জিয়া, লিখন রাহি, কওসার আবেদিন, কাজী রায়ার রাব্বি, আরমান পারভেজ মুরাদ, হুমায়রা হিমু—এঁদের কথা না বললেই নয়। অনেক সময় মনে হয়েছে অভিনয় দেখছি না, আমার পাশের বাড়িতে যা ঘটেছিল, আজ বহু বছর বাদে তারই পুনরাবৃত্তি দেখছি। এই কৃতিত্ব পরিচালকের তো বটেই, কিন্তু এসব শিল্পীরও কম নয়। চরিত্রকে আত্মস্থ করে তাকে সঠিকভাবে ফুটিয়ে তোলার কাজ সবাই কি পারে? তাঁদের সঙ্গে সঙ্গে ছবিটির অন্য কলাকুশলীরাও ধন্যবাদার্হ। অভিনয় ছাড়াও এই ছবির অনেক কিছুই আছে, যার কথা উল্লেখ করা যায়। যুদ্ধ নিয়ে কোনো ছবি দেখতে আমি সাধারণত ভয় পাই। কারণ, তাতে এত ভায়োলেন্স থাকে, যা গল্পের প্রয়োজনেই থাকে, কিন্তু আমার দেখতে ভালো লাগে না। আমার বন্ধু রাশেদ দেখতে গিয়ে সেই ভয় ছিল। কিন্তু ছবিতে সরাসরি কোনো সহিংসতা দেখানো হয়নি। ‘অত্যাচার করা হবে’ বা ‘হয়েছে’, তার উল্লেখ আছে মাত্র, বিশেষ করে ছবিটি যখন শিশু-কিশোরদের জন্য, তখন সেখানে সহিংসতা না দেখিয়ে মোরশেদ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। ছবিতে কোনো অতিনাটকীয়তা নেই, তাও ভালো লেগেছে। রাশেদের মৃত্যুদৃশ্যে সেটা থাকতে পারত। থাকলেও ছবির নির্মাতাকে কেউ দোষ দিতে পারত না। জানি না মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে একজন কিশোরের কী অনুভূতি হতে পারে। রাশেদের মতো অকুতোভয় মানুষের কথা তো আমরা জেনেছি। নিশ্চয় মৃত্যুর মুখে দাঁড়িয়েও মুক্তিসংগ্রামের সৈনিকেরা ভয়কে জয় করতে পেরেছিলেন। রাশেদ তো তাঁদেরই প্রতিনিধি।আমার মনে হয়েছে, আমার বন্ধু রাশেদ-এর মতো আরও ছবি, আরও গল্প তৈরি হওয়া দরকার। মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযোদ্ধাদের কথা আরও বলা প্রয়োজন। আগেই বলেছি, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, শুনেছে অথবা শোনেনি, তারা দেখতে পাবে, সে সময় যা ঘটেছিল তার একটি খণ্ডচিত্র। জানতে পারবে কীভাবে তখন মানুষ উজ্জীবিত হয়েছিল, উদ্বেলিত হয়েছিল, কীভাবে মানুষ সর্বস্ব দিয়ে দেশকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আর এই জানা-বোঝাটাই মানুষের মনে সৃষ্টি করবে দেশকে ভালোবাসার চেতনা, শেখাবে দেশের ইতিহাস-ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে।