ভালো লাগাটা কাজ করছে অনেক বেশি: শিনা চৌহান
কলকাতার মেয়ে শিনা চৌহান। বিপিএল দিয়ে তিনি এখন বাংলাদেশের মানুষের কাছেও পরিচিত একটি মুখ। অভিনয় করেছেন মালয়ালম ভাষার ছবি ‘দ্য ট্রেন’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কবিতা অবলম্বনে বুদ্ধদেব দাশগুপ্তের পরিচালনায় ‘মুক্তি’ ও ‘পত্রলেখা’ ছবি দুটিতে। সম্প্রতি শুটিং শুরু করেছেন বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পিঁপড়াবিদ্যা’ ছবির। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। ৩ জুন চ্যানেল আইয়ের কার্যালয়ে এ ছবির অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সেখানেই বাংলাদেশের ছবিতে অভিনয়সহ অন্যান্য প্রসঙ্গ নিয়ে শিনা চৌহান কথা বলেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মনজুর কাদের।বিপিএল উপস্থাপনার পর এবার বাংলাদেশের ছবিতে অভিনয়, কেমন লাগছে?বিপিএলের সময়েই বাংলাদেশের ছবিতে অভিনয়ের ব্যাপারে কয়েকজনের সঙ্গে আমার আলোচনা হয়েছিল। মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ ছবিটিতে কাজ করার প্রস্তাবটা পেয়ে আমি খুবই একসাইটেড। ছবিটির গল্প আমার কাছে অনেক ভালো লেগেছে। বাংলাদেশকে আমার সেকেন্ড হোম মনে করি। আর তাই বাংলাদেশের ছবিতে অভিনয় করার ব্যাপারটা আমার কাছে সত্যিই অন্যরকম মনে হচ্ছে।‘পিঁপড়াবিদ্যা’ ছবিটিতে অভিনয়ে রাজি হওয়ার কী কারণ?‘পিঁপড়াবিদ্যা’ ছবির গল্পটা এমন যে, আমি নিজেকে ছবিটিতে একজন পরিপূর্ণ অভিনয়শিল্পী হিসেবে উপস্থাপন করতে পারব। ছবির গল্পের চরিত্রের মধ্যে যদি মানসিক টানাপোড়েন থাকে, তবে তা উপস্থাপন করাটা যেকোনো অভিনয়শিল্পীর জন্য একটা চ্যালেঞ্জও বটে; যা ছবিতে কাজ করার ক্ষেত্রে আমি খেয়াল রাখার চেষ্টা করি। আমি মনে করি, এতে ছবিরও একটা বৈচিত্র্য থাকে। ‘পিঁপড়াবিদ্যা’ ছবির গল্পটা এমন যে, যা আমি সব সময় চেয়েছি। আর এ কারণেই ছবিটিতে অভিনয় করতে নির্দ্বিধায় রাজি হয়েছি।এ ছাড়া আর অন্য কোনো কারণ আছে?মোস্তফা সরয়ার ফারুকী ভাই পরিচালিত ‘টেলিভিশন’ আর ‘থার্ড পারসন সিংগুলার নাম্বার’ ছবি দুটি দেখেছি। আমার ভালোই লেগেছে। আমার কাছে মনে হয়েছে, তিনি অনেক মেধাবী একজন নির্মাতা। শুধু তা-ই নয়, একজন প্রাণচঞ্চল মানুষও বটে। তাঁর সঙ্গে কাজ করতে পেরে তাই ভালো লাগাটা কাজ করছে অনেক বেশি। শুনলাম, এরই মধ্যে ‘পিঁপড়াবিদ্যা’ ছবির শুটিংয়েও অংশ নিয়েছেন...ঠিকই শুনেছেন। আমি এর মধ্যেই ‘পিঁপড়াবিদ্যা’ ছবির পরীক্ষামূলক একটি শুটিংয়ে অংশ নিয়েছি। কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যের চূড়ান্ত শুটিংও করা হয়েছে। সত্যিই, শুটিংয়ের অভিজ্ঞতাটা আমার জন্য একেবারেই নতুন। টিমওয়ার্কটাও অসাধারণ লাগছে।আপনি তো ‘মিস কলকাতা’ হয়েছিলেন। ছবির পাশাপাশি আর কী করছেন?আমি ‘লাকমে মিস কলকাতা’ হয়েছি। এরপর ‘মিস ইন্ডিয়া ইউনিভার্স-আই অ্যাম শি’ প্রতিযোগিতায় ‘আই অ্যাম ভয়েস’ পুরস্কার পেয়েছিলাম। ছবির পাশাপাশি জাতিসংঘের ‘ইয়ুথ ফর হিউম্যান রাইটস’ প্রকল্পের শুভেচ্ছা দূত হয়ে কাজ করছি।