ভালো লাগার আয়োজনে 'ইতি রবীন্দ্রনাথ'

আবৃত্তি সংকলনের মোড়ক খোলা নয়, এ যেন তরুণ বাচিকশিল্পীকে অনুপ্রেরণা দেওয়ার আয়োজন। বিভিন্ন অঙ্গনের শিল্পীরা হাজির হয়েছিলেন সুফিয়া কামাল মিলনায়তনে। ঘরভর্তি উজ্জ্বল মানুষেরা মঞ্চে গিয়ে মেলে ধরেছেন একটি আবৃত্তির সিডি। সিডিটি প্রকাশ করেছে ভারতের ঐতিহাসিক মিউজিক কোম্পানি হিন্দুস্তান রেকর্ড। বাংলাদেশ ছাড়াও সমগ্র ভারতে পাওয়া যাবে এ সিডি।
গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে মোড়ক খোলা হলো আবৃত্তিকার সামিউল ইসলাম পোলাকের প্রথম আবৃত্তির সংকলন ‘ইতি রবীন্দ্রনাথ’-এর। ঢাকার সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের অনেককে দেখা যায় সেখানে। একে একে মঞ্চে গিয়ে শুভেচ্ছা জানিয়ে তাঁরা প্রাণিত করেছেন সামিউলকে। মঞ্চে তাঁদের ডেকে নিচ্ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী শামা রহমান।
এসেছিলেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, ডালিয়া আহমেদ, মুস্তফা খালিদ, ভারতের পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী কমলিকা চক্রবর্তী, নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হীরু, ছড়াকার পলাশ মাহবুব, চিত্রশিল্পী প্রীতি আলী, অভিনেত্রী কাজী রুমা, পাবলিক সার্ভিস কমিশনের সচিব আক্তারী মমতাজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক রাজিউল হাসান, বিশ্বরঙ ফ্যাশন হাউসের কর্ণধার বিপ্লব সাহা, বিবিয়ানা ফ্যাশন হাউসের লিপি খন্দকার প্রমুখ।
সামিউলের কণ্ঠে ধারণ করা অথর্ববেদ ও রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির ‘কোথায় আলো’ কবিতার সঙ্গে নাচ করেন চাঁদনী ও আবু নাঈম। এ ছাড়া নিজের লেখা বেশ কিছু কবিতা পড়ে শোনান অনুষ্ঠানের সভাপতি আসাদ চৌধুরী। বক্তব্য দেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। প্রধান অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, বিশেষ অতিথি ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জয়শ্রী কুণ্ডু।
অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী বলেন, ‘কখনো কখনো আমাদের তরুণদের দিকে তাকালে হতাশা জাগে। কিন্তু সামিউলের এই এগিয়ে যাওয়া আমাদের আশাবাদী করে তোলে।’ মুঠোফোনে সামিউল বললেন, ‘সবার শুভেচ্ছাবার্তায় আমি মুগ্ধ। দেশের শিল্পী-স্বজনেরা তো বটেই, ভারতের প্রিয় শিল্পী-স্বজনেরা আমাকে বার্তা পাঠিয়েছেন ফেসবুকে। ভিডিওবার্তা পাঠিয়েছেন হিন্দুস্তান রেকর্ডের প্রধান এস এল সাহা, শ্রীকান্ত-দা (শিল্পী শ্রীকান্ত আচার্য) ফোন করেছিলেন। আমি সবার কাছে কৃতজ্ঞ।’
আবৃত্তি সংকলন ‘ইতি রবীন্দ্রনাথ’-এ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু কবিতা, চিঠি, রবীন্দ্রনাথের অনুবাদে রবার্ট বার্নসের ‘বিদায় চুম্বন’ কবিতাটির বাংলা ও ইংরেজি আবৃত্তি এবং ভানু সিংহের পদাবলি থেকে পাঠ। অ্যালবামটির আবহ সংগীতায়োজন করেছেন সুমন সরকার। ‘ব্যর্থ যৌবন’ কবিতায় আবৃত্তির নেপথ্যে গানে কণ্ঠ দিয়েছেন কলকাতার রবীন্দ্রসংগীতশিল্পী শ্রেয়া গুহঠাকুরতা, ‘নির্ভয়’ কবিতায় ঢাকার স্বপ্নীল সজীব, ‘কৃতঘ্ন শোক’ কবিতায় কণ্ঠ দিয়েছেন কলকাতার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। কবিতা যেভাবে শুনতে ভালো লাগবে, তার সব প্রচেষ্টার সম্মিলন রয়েছে এতে।