ভালোবাসা আজকালের সংগীত পরিচালনায় শফিক তুহিন
একটি কিংবা দুটি সংগীতের পরিচালনা নয়; এবারে একটি ছবির সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন শফিক তুহিন। ছবির নাম ‘ভালোবাসা আজকাল’। ছবিটির পরিচালক হলেন পি এ কাজল। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন সংগীত পরিচালক হিসেবে প্রথম কাজ করেন মনতাজুর রহমান আকবরের পরিচালনায় নির্মিত ‘ছোট্ট একটু ভালোবাসা’ চলচ্চিত্রে। গানটিতে শফিক তুহিনের সহশিল্পী ছিলেন ন্যান্সি। এরপর শাহীন সুমনের পরিচালনায় শফিক তুহিনের সংগীত পরিচালনায় অন্য রকম ভালোবাসা ছবিতে কণ্ঠ দেন সামিনা চৌধুরী। শফিক তুহিন ইতিমধ্যেই কনার সঙ্গে একটি দ্বৈত গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে পুরো ছবির সংগীত পরিচালনার কাজ শুরু করেছেন।প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে শফিক তুহিন জানান, ‘এ চলচ্চিত্রে মোট পাঁচটা গান থাকছে। যার প্রথমটাতে কণ্ঠ আমি এবং কনা দিলেও পরের গানগুলোতে আমরা চেষ্টা করছি দেশি এবং বিদেশি শীর্ষ শিল্পীদের সমন্বয় ঘটাতে। আশা করছি চলচ্চিত্রের নবীন পূর্ণাঙ্গ সংগীত পরিচালক বেশ কিছু চমক দর্শক-শ্রোতাদের দিতে পারব।’‘আজকাল অথবা পরশু নয়/জনম জনম ধরে মনে হয়/তোমার আমার পরিচয়...’ শিরোনামের গানটির কথাও লিখেছেন শফিক তুহিন।পুরো চলচ্চিত্রের সংগীত পরিচালনা প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘চলচ্চিত্র একটা বিশাল মাধ্যম। আমি এখন সে মাধ্যমে পুরোপুরিভাবে কাজ করার সুযোগ পেলাম। এ রকম একটি বড় মাধ্যমে অবদান রাখার সুযোগ পেয়ে আমি সত্যিই অনেক বেশি আনন্দিত। তা ছাড়া চলচ্চিত্রের গান কিন্তু শ্রোতাদের মাঝে যুগ যুগ ধরে থেকে যায়। নিজেকে ভালোভাবে প্রমাণ করার মধ্য দিয়ে নিয়মিতভাবে চলচ্চিত্রে কাজ করতে চাই।’ ভালোবাসা আজকাল চলচ্চিত্রের সংগীত পরিচালনা ছাড়াও শফিক তুহিন বর্তমানে তাঁর পরবর্তী একক অ্যালবামের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া আগামী ঈদে প্রকাশিত হতে যাওয়া কয়েকটি মিশ্র অ্যালবামের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।