ভালোবাসা কেমন হয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরফান সাজ্জাদ ও মিম। ছবি : সুমন ইউসুফ
ইরফান সাজ্জাদ ও মিম। ছবি : সুমন ইউসুফ

ছবিটির শুটিং শুরু হয়েছিল ২০১৪ সালে। মুক্তি পাচ্ছে আগামীকাল। ছবিটি পরিচালনা করেছেন তানিয়া আহমেদ। তাই দর্শকের অপেক্ষা তাঁর প্রথম ছবি ভালোবাসা এমনই হয় নিয়ে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও ইরফান সাজ্জাদ। ছবিটির মুক্তি উপলক্ষে কথা হয় দুজনের সঙ্গে।
অনেক দিন পর ছবিটি মুক্তি পাচ্ছে। গল্পের ধারাবাহিকতা বা অভিনয়শিল্পীদের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন চোখে পড়বে না? দুজনকে একই প্রশ্ন করা হলো। কিন্তু জবাবটা আগ্রহ নিয়ে দিলেন মিম। বললেন, ‘প্রেক্ষাগৃহে দেখতে বসে দর্শকের কাছে মনে হবে গল্পটি এ সময়ের। তা ছাড়া আমার গেটআপে কোনো পরিবর্তন বোঝা যাবে না। এতদিনে আমার চেহারায় খুব বেশি পরিবর্তন হয়নি। আর ছবিতে আমার চরিত্রটি বিদেশে বড় হওয়া একজন আধুনিক মেয়ের।’
ইরফান সাজ্জাদ বললেন অন্য কথা। ‘তিন বছরের ব্যবধানে এখন বেশ পরিপক্ব হয়েছি। চেহারায় পরিবর্তন এসেছে। তিন বছর আগেকার অবস্থা পর্দায় কিছুটা হলেও বোঝা যাবে।’
ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরই এই ছবিতে চুক্তিবদ্ধ হন ইরফান সাজ্জাদ। তাই শুরুতে খানিকটা জড়তা ছিল তাঁর। বললেন, ‘আমার সহশিল্পী একজন তারকা। পরিচালকও বড় অভিনেত্রী। তাই শুটিং শুরুর আগে থেকেই একটু বাড়তি চাপে ছিলাম। সেটা কাটিয়ে উঠেছি শুটিংয়ের পরপরই। সবার সহযোগিতা ছিল বলেই অভিনয় করতে পেরেছি। বাকিটা দর্শকেরা বলতে পারবেন।’

চলচ্চিত্রে নতুন অভিনয়শিল্পী সাজ্জাদ। কিন্তু মিমের মুক্তি পেয়েছে অনেকগুলো চলচ্চিত্র। নতুন-পুরোনোর কেমন ছিল ভালোবাসা এমনই হয় যাত্রা? সাজ্জাদ সম্পর্কে ছোট্ট একটা মন্তব্য করলেন মিম। ‘ও মিষ্টি একটি ছেলে। বন্ধুত্বপূর্ণ। কাজের সময় মনেই হয়নি যে এটা ওর প্রথম চলচ্চিত্র।’
প্রথম অভিনয় করা চলচ্চিত্র নিয়ে ইরফান সাজ্জাদের মধ্যে উত্তেজনা একটু বেশিই। ‘এটি আমার প্রথম ছবি। যদিও দ্বিতীয় ছবি মন জানে না মনের ঠিকানা আগেই মুক্তি পেয়েছে। তারপরও এই ছবি ঘিরে আমার ভয়, শঙ্কা, আবেগ, আনন্দ—সবই জড়িত। এটি নিয়ে দর্শকের কাছ থেকে প্রত্যাশা বেশি।’ যোগ করেন সাজ্জাদ।
ভালোবাসা এমনই হয় ছবিটির ৯০ শতাংশ শুটিং হয়েছে যুক্তরাজ্যে। ফলে সুন্দর লোকেশনের বৈচিত্র্য দর্শককে আকর্ষণ করবে—এমনটা মনে করেন মিম। শুধু লোকেশন নয়, এখানে প্রেম-ভালোবাসা, কমেডি, ফাইট-বিনোদনের জন্য যা যা দরকার সবই আছে। জানান সাজ্জাদ।
দুই তারকা জানান শুটিংয়ের মজার অভিজ্ঞতাও। ‘এই ছবির শুটিংয়েই প্রথম যুক্তরাজ্যে যাওয়া আমার। পাসপোর্টে পেশা হিসেবে ‘‘অভিনেত্রী’’ দেওয়া। বিমানবন্দরে নেমে ইমিগ্রেশন পার হওয়ার সময় একজন পাসপোর্ট চেক করার পর আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বলিউডের অভিনেত্রী কি না। আমি বললাম, “না, আমি ঢালিউডের।” কিন্তু তাঁদের তো ঢালিউড সম্পর্কে ধারণা নেই। তাই বিশ্বাসই করতে চাইলেন না। তাঁদের কথা, আমি দেখতে অনেক সুন্দর। লম্বা। তাই বলিউডের অভিনেত্রী। আমি হাসতে হাসতে মরি!’
লন্ডনে শুটিংয়ের সময়কার মজার অভিজ্ঞতার কথা বলেন সাজ্জাদ।
‘জিরো ডিগ্রি তাপমাত্রায় গানের শুটিং করতে গিয়ে বেশ বিপদে পড়েছিলাম আমরা। পাতলা পোশাকে একটা গানে শট দিতে হবে। একটি করে শট দিই আর দৌড়ে গিয়ে আবার কম্বলের নিচে ঢুকি। শীতে কাঁপতে কাঁপতে শট দিতে হয়েছে। ওই গানটি করতে গিয়ে কতবার যে শট এনজি হয়েছে তার হিসাব নেই।’
ভালোবাসা এমনই হয় ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মিশু সাব্বির, তানজিকা, সোহেল খান প্রমুখ।