ভালোবাসা ছাড়া আর আছে কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবেসে যাঁরা ঘর বেঁধেছেন, তাঁরা সবাই মনে করেন—প্রতিটা দিনই ভালোবাসার দিন। তার পরও সারা বিশ্বে ১৪ ফেব্রুয়ারিকে ‘বিশ্ব ভালোবাসা’ দিবস হিসেবে গ্রহণ করেছে সবাই। আমাদের সাংস্কৃতিক অঙ্গনের পাঁচ তারকা-দম্পতির মুখোমুখি হয়েছিল আনন্দ। জেনে নিন ভালোবাসার ছোট্ট বাসায় কেমন আছেন তাঁরা!তিশা-ফারুকীপ্রেমের বয়স পাঁচ বছর, বিয়ের বয়স সাত মাস। প্রতিদিন সকালে দুজন চলে যান নিজ নিজ কাজে। সারা দিন মুঠোফোনে কথা আর রাতের বেলা একসঙ্গে বসে খাওয়া, রাত জেগে টিভি দেখা—এই তাঁদের রুটিন। এর মধ্যেই রয়েছে খুনসুটি আর ভালোবাসা।তিশার মন্দ দিক কী? প্রশ্ন শুনেই ফারুকী তিশার কোর্টে পাঠালেন প্রশ্নটা, ‘এই, তোমার মন্দ দিক কী?’ তিশা বললেন, ‘তুমি বলো। আমিও শুনি।’এবার ফারুকী বিপদে। একটু ভেবে বললেন, ‘একটা খারাপ দিক আছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার অভ্যাস হচ্ছে খবরের কাগজে চোখ বোলানো। তিশার এটা একদম অপছন্দ। ওই সময়টা তিশা কাজে লাগাতে চায়, চায় সারা দিনের কর্মব্যস্ততা জানাতে। আর একটা খারাপ দিক, টেলিভিশনের রিমোটটা থাকে ওর দখলে। ওর পছন্দের চ্যানেল দেখতে হয়।’প্রশ্ন করলাম, সংসার কি তিশা-শাসিত?ফারুকীর মুখে একগাল হাসি, ‘পুুরোপুরি। ও যা বলে আমি এই সংসারে তা-ই পালন করি। এমনকি আমার প্রতিদিনের পকেট-খরচটাও তিশা হিসাব করে দেয়। ওই টাকাতেই সারাটা দিন চলতে হয়।’তিশা অবশ্য ফারুকীর কথায় সম্মতি দিয়ে এর একটা ব্যাখ্যাও দিলেন। ‘আসলে, সংসার করতে তো একটা ঘর লাগে। আর ঘরের আগে প্রয়োজন হয় একটা পিলারের। ফারুকী হচ্ছে আমার সংসারের পিলার। ফারুকী মানিব্যাগ হারিয়ে ফেলে। এ জন্য আমি নির্দিষ্ট পরিমাণ টাকা এক জায়গায় রেখে দিই। ও ওখান থেকে টাকা নেয়। তা ছাড়া ফারুকী নিজেকে একজন নির্যাতিত স্বামী বলে পরিচয় দিতে মজা পায়। আমি ওকে খুশি রাখতেই টাকা-পয়সা নিয়ন্ত্রণ করি।’ বলছিলেন তিশা।কে বেশি ঝগড়াটে?ফারকী বললেন, ‘এই সাত মাসে সে রকম ঝগড়াঝাটি হয়েছে বলে মনে হয় না। যতটুকুই খুনসুটি হয়েছে, সেই বিচারে তিশা একটু বেশি নম্বর পাবে।’তিশা বললেন, ‘ফারুকীর একটা ব্যাপারে আমি খুবই ভয় পাই। অত্যন্ত বাজেভাবে রেগে যায় ও। আমি তখন চুপ মেরে যাই। আবার আমি যখন রেগে যাই,..।’ ফারুকী কথা কেড়ে নিয়ে বলেন, ‘তিশা রেগে গেলে আমি সঙ্গে সঙ্গে স্যরি বলি। তবে সরাসরি বলি না। ওর চারপাশে ঘুরঘুর করতে থাকি। বিভিন্ন বিষয়ে প্রশ্ন করি। জানতে চাই ওর কাজের খবর। পরিবারের খবর। তিশা তখন বুঝতে পারে যে আমি স্যরি বলার জন্যই এমনটা করছি। ও হেসে দেয়।’সংসারজীবনে দুজনই দুজনকে চমক দেওয়ার জন্য তৈরি থাকেন। যেমন, ফারুকী দেশের বাইরে গেছেন। ফেরার দিন হয়তো ফারুকী তিশাকে ফোন করে জানতে চাইলেন, ‘এই, তুমি কোথায়?’ তিশা জানালেন শ্রীপুরে। ফারুকী দেশে এসে আবার ফোন করলেন তিশাকে। ‘তুমি কোথায়?’ তিশা বললেন, ‘ও, ফারুকী! তুমি চলে আসছ! স্যরি, আমি না এখনো কাজ শেষ করতে পারিনি। তুমি বাসায় যাও, আমি আসছি। এখানে অনেক বৃষ্টি হচ্ছে। রাগ কোরো না।’ সরয়ার ফারুকী বাসায় ঢুকে দেখেন ঘরের মধ্যে একটা ভূত বসে আছে। ‘এই ভূতটাই হচ্ছে তিশা। ও আমাকে এভাবেই চমকে দেয় বলে আমি ওকে ভূত বলে ডাকি।’ বলছিলেন ফারকী।ফারুকীও তিশাকে অনেক কিছু দিয়ে চমকে দিতে চান। কিন্তু উৎসাহ এতটাই থাকে যে চমক দেওয়ার আগেই সব বলে দেন। তিশার শুটিং। ফারুকীর ফোন, ‘তিশা, তুমি কোথায়?’ তিশার উত্তর, ‘উত্তরায় শুটিংয়ে।’ ফারুকী বললেন, ‘তিশা, তুমি থাকো, আমি আসছি, তোমাকে চমক দেব। চমক আর দেওয়া হয় না। এটাই বোধহয় ভালোবাসা।’আসছে ভালোবাসা দিবসে কী করছেন তিশা-ফারুকী?তিশা বললেন, ‘ফারুকী ব্যাংককে থাকবে আর আমি শুটিংয়ে। ফারুকী দেশের বাইরে না গেলে দুজন মিলে একটা পরিকল্পনা তো করবই। বিয়ের পরে আমরা প্রথম ভালোবাসা দিবস পাচ্ছি। অবশ্য প্রতিটি দিনই আমাদের ভালোবাসার দিন। ’ সাগর মৈত্রীচাঁদনী-বাপ্পা‘তুমি চোখে রাখো চোখ/ চোখে চোখে কথা হোক’ চাঁদনীর পানে চেয়ে বাপ্পা বোধহয় এটাই বোঝাতে চাইছিলেন। কারণটা কি জানেন, রাত নয়টা থেকে দলছুটের সরদারটা নিজের স্টুডিওতে বসে ছিলেন চাঁদনীর অপেক্ষায়। ‘শ্যাওলাটাকে আঁকড়ে ধরে নদীর খাঁজে শুতে রাজি’ গাওয়া বাপ্পা মজুমদার মনে মনে যতই বলুন না কেন, ‘তাড়াতাড়ি আসো, চাদনী’, কিন্তু পথের পায়ে তো বাঁধা যানজটের শিকল আর নৃত্যশিল্পী চাঁদনীর পায়ে বাঁধা নাচের ঘুঙুর। ঢাকা শহরে যেহেতু তাঁরা দুজন একসঙ্গে বাসা বেঁধেছেন তাই এক-আধটু নাগরিক জ্বালা তো পোহাতেই হবে। সেটা জেনেই বোধহয় বাপ্পাও তাঁর মুগ্ধ করা হাসিটা হেসে চাঁদনীকে একঝলক দেখে গেলেন। এরপর স্টুডিওতে ঢুকে কাজের ছলে চাঁদনীকে একটু বুঝিয়ে দিলেন, ‘মন ছুঁয়েছ মন দিয়েছি/ আছে কিছু দেনা/ তাই বলে কি ভাবছ নাকি—মনটা তোমার কেনা?’ মিষ্টি অভিমানের ছোট্ট পালার ক্ষণটা পোক্ত হওয়ার আগেই বাপ্পা ও চাঁদনী হাসিমুখে বসে পড়লেন আনন্দের মুখোমুখি। সুরদরিয়ার নাবিক বাপ্পা আর নৃত্যতনয়া চাঁদনীর সম্পর্ক অনেক দিনের। দুজনের প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। চাঁদনী যদি বলেন, ‘বাপ্পা কাজের প্রতি খুবই সিরিয়াস’, বাপ্পাও সঙ্গে সঙ্গে শুনিয়ে দেন, ‘আমার প্রতিটা কাজেই চাঁদনীর সাপোর্ট সবচেয়ে বেশি’। বাপ্পা বলেন, ‘আমরা দুজনই সারা দিন গান, শুটিং, নাচ নিয়ে ব্যস্ত থাকি। তাই প্রায়ই দিনের বেলা দেখা হয় না আমাদের।’ এ কারণেই রাতের প্রহর কয়টি সিনেমা দেখে, গল্প করে আর পারসিয়া ও পুটলিকে (তাঁদের পোষা কুকুর) আদর করতে করতেই কাটিয়ে দেন বলে জানালেন চাঁদনী। তার পরও যান্ত্রিক জীবনের শত ব্যস্ততার মধ্যেও বাপ্পা চাঁদনীকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যান, রাতে বাইরে খেতে নিয়ে যান, দুজন একসঙ্গে ঘুরতে বেরিয়ে পড়েন। চাঁদনীও তাই বাপ্পার জন্মদিনে, বাপ্পার বাবা বারীণ মজুমদার ও বাপ্পার মায়ের জন্মদিনে ছায়ার মতো লেগে থাকেন বাপ্পার সঙ্গে। চাঁদনীর বিশেষ দিনগুলোতে হাতে কোনো কাজ রাখেন না বাপ্পা। যেমন, চাঁদনীর শেষ জন্মদিনে বাপ্পা ও চাঁদনী দুজন মিলেই ব্যাংককে গিয়েছিলেন। এ ছাড়া কাজপাগল বাপ্পা কিন্তু সময় করে ভালোবাসার উপহার দিতে ভোলেন না, সে কথাও মনে করিয়ে দিলেন চাঁদনী। গেল বছর ভালোবাসা দিবসে বাপ্পা মজুমদার চাঁদনীকে তাঁর প্রিয় পোষা কুকুর পুটলিকে উপহার দিয়েছিলেন। মজুমদার পরিবারের কর্তা-গিন্নি দুজনই প্রাণীপ্রিয়। তবে একটাতেই বাপ্পা-চাঁদনীর অমিল। গাল ফুলিয়ে সে কথাই জানালেন বাপ্পার স্ত্রী চাঁদনী, ‘আমি কফি পছন্দ করি, আর বাপ্পার পছন্দ চা।’ আলী আসিফতিনা-রিয়াজতিন বছর হলো বিয়ে হয়েছে তাঁদের। গলফ হাইটসের বিশাল বাসার মধ্যে ঢুকে দেখা গেল বেশ শান্ত পরিবেশ। কথাটি বলতেই তিনা বললেন, ‘মোটেও না। সারাক্ষণ আমরা দুজন যা করি, তাতে তো মনে হয় এ বাসায় অনেক মানুষ থাকে। এই যেমন ধরুন, আমরা ছোঁয়াছুঁয়ি খেলি। ও তো টিভির রিমোটটা নিজের নিয়ন্ত্রণে রেখে সারাক্ষণ এইচবিও চ্যানেলে অ্যাকশন ছবি দেখে। ওর সঙ্গে থাকতে থাকতে আমিও এখন এইচবিও দেখি।’ বলছিলেন তিনা।সংসারে কার বেশি অবদান?রিয়াজ বললেন, ‘অবশ্যই তিনার।’ তিনা বললেন, ‘দুজনেরই। আসলে, আমরা দুজনই এক মন, এক প্রাণ।জানা গেল, দুজনের মধ্যে মাঝেমধ্যেই খুনসুটি হয়, মান-অভিমান হয়। আর সবকিছুতেই দ্রুত সন্ধি করেন রিয়াজ। একটি ঘটনা: তিনার জন্মদিন। রিয়াজ এমন একটা ভাব দেখালেন যে, তাঁর সে কথা মনেই নেই। তিনা রাগ করে বাবার বাড়ি চলে গেলেন। রিয়াজ এই সুযোগে কাঁটাবনে গিয়ে লাভ বার্ড আর নানা রকম পাখি এনে নিজেদের ঘরে রাখলেন। পাখির পায়ে সুতা দিয়ে রিয়াজ রংবেরঙের কাগজে লিখে দিলেন ‘শুভ জন্মদিন, তিনা’। দুপুরের পর রিয়াজ তিনার মান ভাঙাতে গেলেন শ্বশুরবাড়ি। তিনাকে বুঝিয়ে নিয়ে এলেন নিজের ঘরে। তিনা তখনো জানেন না ঘরের দরজা খোলার পরই তার জন্য অপেক্ষা করছে বড় এক চমক। তিনা দরজা খুলতেই পাখির কলকাকলিতে অভিভূত হয়ে গেলেন। পাখির পায়ে সুতা দিয়ে বাঁধা ‘শুভ জন্মদিন, তিনা’ দেখে তো মুগ্ধ। ‘সত্যিই, আমি ওই মুহূর্তটার কথা কোনো দিন ভুলব না। আমার মনে হয় যে আমরা জন্মেছি একে অপরের জন্য।’ বলছিলেন তিনা।তিনা এভাবে কখনো কি রিয়াজকে চমকে দিয়েছেন?রিয়াজ বললেন, ‘ও যে আমাকে ভালোবেসেছে, এটাই অনেক বড় চমক।’রিয়াজের বিরুদ্ধে তিনার কোনো অভিযোগ আছে?তিনা বললেন, ‘আছে। ওকে বললাম, “কটার দিকে বাসায় আসবা?” বলল, সন্ধ্যা সাতটায়। আসে রাতে ১২টায়। প্রথম প্রথম এ নিয়ে খুনসুটি হয়েছে। এখন সয়ে গেছে। এখন যদি বলে সন্ধ্যা ছয়টায় আসবে, আমি ধরে নিই আসবে রাত ১১টায়। এটা ছাড়া ওর সব ভালো। লক্ষ্মী একটা ছেলে। বাইরে গেলে বড়শি দিয়ে মাছ ধরে, আবার বাসায় এসে সেই মাছ নিজেই কাটাকুটি করে রান্না করে। আর এত সুন্দর সালাদ তৈরি করতে পারে! স্বামী হিসেবে ও অত্যন্ত কেয়ারিং।’ এবার শোনা যাক তিনা সম্পর্কে।রিয়াজ বললেন, ‘তিনার সবচেয়ে বড় গুণ হচ্ছে ও আমাকে পথ চলতে বড় ধরনের সহযোগিতা করে। আমি কোনো কারণে হতাশ হয়ে পড়লে তিনা আমাকে সাহস জোগায়। আমাকে কখনোই ভেঙে পড়তে দেয় না। একবার ব্যবসায় প্রত্যাশিত ফল পেলাম না। তিনা বলল, পরেরটাতে হবে। হয়েছেও তা-ই। আমার কাছে অনেক মানুষ আসে। তিনা যদি বলে, “দেখো, এই মানুষটা তোমার ক্ষতি করবে!” দেখা গেল, তিনার কথাই সত্যি হলো। এ জন্য যেকোনো সিদ্ধান্ত নেওয়ার বেলায় তিনার পরামর্শ নিই আমি।’ ভালোবাসা দিবসে কী করেন?রিয়াজ-তিনা দুজনই জানালেন, সুন্দর সুন্দর ফুল উপহার দেন একে-অন্যকে। ঘরের মধ্যে দুজনে পার্টি করেন। রাতের বেলা চলে যান লং ড্রাইভে। সোজা যমুনা রিসোর্টে। কিছুটা পথ রিয়াজ গাড়ি চালান, কিছুটা পথ তিনা। খুব জোরে জোরে গান শোনা হয়। এতটা দূরের পথ গাড়ি চালাতে ভয় করে না? রিয়াজ বললেন, ‘ভয় কিসের। বাঁচলে দুজনই বাঁচব, আর মরলে দুজনই মরব। হা...হা...হা...।’ কামরুজ্জামানমিথিলা-তাহসানভালোবাসায় বসবাস তাহসান-মিথিলার। তবে বিয়ের আগে-পরের ভালোবাসার ধরনটা ভিন্ন। বিয়ের পর ভালোবাসার প্রকাশ কম, কিন্তু গভীরতা বেশি—এমন মত মিথিলার। ‘বিয়ের আগে সারা দিন অপেক্ষা করতাম কখন দেখা হবে। রাতে ফোনে কথা হতো। এখন তো একসঙ্গেই থাকা সব সময়। ফোনে কথা বলতে হয় না। এ জন্য অবশ্য তাহসান খুব খুশি। এই কাজটাতে ও দারুণ বিরক্ত হতো।’ বললেন মিথিলা। যুক্তরাষ্ট্র থেকে ফিরে দারুণ ব্যস্ত হয়ে পড়েছেন দুজনই। দুজনেরই চাকরি। মিথিলার মডেলিং, তাহসানের গান। ‘এর মধ্যে চেষ্টা, যতটা সময় একসঙ্গে কাটানো যায়। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে মিথিলাকে নিয়ে বের হই। আর ফাঁক পেলেই ঢাকার বাইরে বেরিয়ে পড়ি। এই তো গত মাসেই ঘুরে এলাম নীলগিরি। তার আগে গেলাম থাইল্যান্ড।’ বললেন তাহসান। ঢাকার ব্যস্ততা নিয়ে অনুযোগ আছে মিথিলার, ‘আমেরিকাতেই মনে হয় আমরা দুজন দুজনকে বেশি সময় দিতে পারতাম। ঢাকায় সবারই ব্যস্ততা এত বেশি! বোধহয় রাস্তার জ্যামটার কারণেই সময় অনেক কমে যায়। আমেরিকায় মনে হতো সব সময়ই মজার কিছু করছি। এই একসঙ্গে লাঞ্চ, সন্ধ্যায় সিনেমা দেখতে যাওয়া...।’মিথিলার বাড়ি ফিরতে বিকেল পেরিয়ে যায়। তাহসান ফেরেন আরও একটু পরে। এর মধ্যে রান্নার কাজে শাশুড়িকে সাহায্য করেন মিথিলা। তাহসান ফিরলে কোনো দিন একসঙ্গে সিনেমা দেখা, কোনো দিন বন্ধুদের সঙ্গে আড্ডা। রাতের খাবারটা পরিবারের সঙ্গে সারতেই চেষ্টা করেন দুজন। এভাবেই কেটে যাচ্ছে দিন। ভালোবাসা দিবসে দুজন দুজনকে সারপ্রাইজ তো দেবেনই। সেটা কী, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি। ‘তবে আমি কোনো কিছু চেপে রাখতে পারি না। দেখা যাবে, ওকে আগেই বলে ফেলেছি কী উপহার কিনেছি। তাহসান আবার এসব খুব ভালো পারে। একদম সাদামাটা মুখ করেই হয়তো এনে দেবে দারুণ কোনো উপহার। আমার তাই উপহার পেতেই বেশি ভালো লাগে।’ হাসতে হাসতে জানালেন মিথিলা। ভালোবাসা দিবসে মিথিলার জন্য তাহসানের একটা উপহারের কথা সবাই জানেন। তাহসানের নতুন অ্যালবাম প্রত্যাবর্তন আসছে এই দিনেই। ‘টাইটেল ট্র্যাকটাই ওকে নিয়ে লেখা—“আমি আর একটা বার তোমার প্রেমে পড়তে চাই”। সেই আগের মতো করে।’ বললেন তাহসান। রুহিনা তাসকিনতানিয়া-টুটুলটুটুলের গান, তানিয়ার অভিনয়, দুই ছেলে শ্রেয়াশ (১০) ও আরশ (এক) আর বৃদ্ধা মাকে নিয়ে তানিয়া-টুটুলের যে সংসার, তাতে ব্যস্ততা অনেক বেশি। তার চেয়েও বেশি বোঝাপড়া। বোঝাপড়াটা পারস্পরিক, তবে বুঝে চলার কাজটা করেন তানিয়া। তাঁর ভাষায়, ‘ও তো একটা পাগল (হাসতে হাসতে বলেন)। অনেকটা আওলাঝাওলা ধরনের। কাজে থাকলে আর কিছু মনে থাকে না। স্টুডিওতে থাকলে আমরা কথাও বলি না ওর সাথে।’ তাই সাধারণ সাংসারিক কাজের সঙ্গে সঙ্গে কোনো দাওয়াত রক্ষা করা—সবই করেন তানিয়া। আবার তানিয়ার আয়কর বা বিমার বিষয়গুলো দেখেন টুটুল। তানিয়ার ভাষায়, ‘টুটুল খুব অগোছালো’ হলেও তাঁর সবকিছু মনে থাকে। দেখা গেল, তানিয়া কোথাও কিছু রেখেছেন, কিন্তু মনে করতে পারছেন না, টুটুল তখন কান্ডারি। তাই কোনো বিশেষ প্রয়োজনীয় কিছু রাখতে হলে তিনি টুটুলকেই বলেন। কোনো কিছু কিনতে যেতে হলে আবার তানিয়ার ডাক পড়ে। কারণ, টুটুল মনে করেন, তাঁর চেয়ে তানিয়ার পছন্দ ভালো। তাই কোনো উপহার দিতে হলেও তানিয়াকে নিয়েই কিনতে বের হন তিনি।যেকোনো বিশেষ দিনের কথা দুজনেরই মনে থাকে, তাই চমকে দিতে পারেন না কেউ কাউকে। জানেন যে, কিছু না কিছু পাবেন এঁ-ওঁর কাছ থেকে, তাই সারপ্রাইজড হন না; তবে ভাণ করেন যে তিনি খুব সারপ্রাইজড হয়েছেন। নিজেদের রেস্টুরেন্ট (ফায়ার অন আইচ) হওয়ার পর এখন কোনো বিশেষ দিনে ওখানে চলে যান সুযোগ পেলে। গান, খাওয়া আর আড্ডায় মেতে ওঠেন। তবে তা শুধু নিজেরা নন। বললেন, ‘একা একা কিছু করতে পছন্দ করি না। যেকোনো আয়োজনে বন্ধুবান্ধব আসে। সবাই মিলে মজা করি। আনন্দ ভাগাভাগি করে নিতেই বেশি ভালো লাগে।’ আবার প্রায় সব বিশেষ দিনেই টুটুলের গানের অনুষ্ঠান থাকে। যেমন, গত থার্টি ফার্স্ট নাইটে টুটুলের ফেরার অপেক্ষা করছিলেন তানিয়া। এ অপেক্ষাতেই ভোর হয়ে গেল। চারটার দিকে যখন টুটুল ফিরলেন, তখন কি আর কোনো উদ্যাপন করার কথা আসে! ‘কিছু করারও তো নেই, দুজনই বুঝি ব্যস্ততাটা। তাই মেনে নিয়েছি এসব। তবে বিশেষ দিনগুলোর আয়োজন আমরা জমিয়ে রাখি, সুযোগ-সময় হলেই ওগুলোর শোধ তুলে নিই। কোথাও বেড়াতে যাই বা অন্য কিছু করি। আর পরিকল্পনা করে রেখেছি, এখন পারছি না, তাই বুড়ো বয়সে অনেক মজা করব।’মজা কি এখন করেন না? যেমন—খুনসুটি, একে অন্যকে খ্যাপানো বা রাগারাগি? সেখানেও বাদ সাধে ব্যস্ততা। ‘বেশি সময় তো কাছে থাকি না, তাই হইচই, রাগারাগি করতে ভালো লাগে না। ছেলে দুটো আর শাশুড়িকে দেখাশোনা করেই কেটে যায় সময়।’ তবে সুযোগ পেলে ছাড়েনও না। যেমন, অনেক আগে একটা মেয়ের সঙ্গে টুটুলের সম্পর্ক ছিল, মেয়েটি ছিল একটু বেঁটে আর নাকবোঁচা ধরনের, তাই চাইনিজ কোনো মেয়েকে দেখলেই টুটুলকে ডেকে দেখিয়ে দুষ্টুমি করেন, খ্যাপান তানিয়া। টুটুলও চুপ থাকেন না। বলিউডের মাধুরী দীক্ষিতকে টুটুলের খুব পছন্দ। মজা করে তিনি বলেন, ‘মাধুরীর চেহারার সাথে তোমার চেহারার মিল আছে বলেই তোমাকে বিয়ে করেছি!’ না খেপে আর তখন কী করবেন তানিয়া! তাঁর পছন্দ অর্জুন রামপাল ও জন এব্রাহাম। এ প্রসঙ্গ এলেই আবার তেতে ওঠেন টুটুল, ‘যাও, ওদের আমার মতো গান করতে বলো, দেখি কেমন পারে...!’এ রকম টুকরো টুকরো খুনসুটি, হাসি-আনন্দ আর সবার ওপর ব্যস্ততার মধ্যে বয়ে চলেছে তানিয়া-টুটুলের সাধের সংসার। ভালোবাসায় আর বোঝাপড়ায়।এভাবেই চলুক। প্রতিদিন। আশানুজ্জামান