ভালোবাসা দিবসে আসছে রন্টির 'দর্পণ'

চার বছরের দীর্ঘ বিরতির পর আবারও গানের অ্যালবাম নিয়ে ফিরছেন ক্লোজআপ ওয়ান সংগীত তারকা রন্টি দাস। নতুন বছরের ভালোবাসা দিবসে অ্যালবামটি প্রকাশিত হবে বলে জানান তিনি। রন্টি তাঁর নতুন অ্যালবামের নাম রেখেছেন ‘দর্পণ’।
এরই মধ্যে অ্যালবামের সবগুলো গানের কাজ শেষ হয়েছে। গানগুলোর সুরকার ও সংগীত পরিচালক হিসেবে রয়েছেন শওকত আলী ইমন, অদিত, হূদয় খান, শহীদ ও সাব্বির।
অ্যালবাম প্রসঙ্গে রন্টি জানিয়েছেন, ‘আমার ‘‘দর্পণ’’ অ্যালবামে মোট দশটি গান থাকছে। এর মধ্যে রিমেক আকারে থাকছে ‘‘একলা বসে’’ শিরোনামের একটি গান।’
রন্টি আরও বলেন, ‘আমি আমার নিজের পছন্দের কিছু গান নিয়ে অ্যালবামটি সাজিয়েছি। সব ধরনের গানই রয়েছে এ অ্যালবামে। সবগুলো গানের কথা, সুর ও সংগীতায়োজনে বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি।’
মঞ্চ ও অডিও অ্যালবামে নিয়মিত গান গাওয়ার পাশাপাশি এ পর্যন্ত প্রায় ৩০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন রন্টি দাস। মাঝে বিয়ে, সংসার এবং সন্তান নিয়ে কিছুটা ব্যস্ত থাকায় গানে খুব একটা সময় দিতে পারেননি। ২০০৯ সালে সংগীতার ব্যানারে প্রকাশিত হয়েছিল রন্টির প্রথম একক অ্যালবাম ‘আনমনা মন’।