ভালোবাসা দিবসে ইবরার টিপুর তৃতীয় অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হবে সংগীতশিল্পী ইবরার টিপুর নতুন একক অ্যালবাম। নাম ঠিক না হওয়া এ অ্যালবামের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।এ প্রসঙ্গে ইবরার টিপু বলেন, ‘ইতিমধ্যে এই অ্যালবামের তিনটি গানের কাজ সম্পন্ন হয়েছে। আপাতত অন্য সব কাজ বাদ দিয়ে নিজের একক অ্যালবামটির কাজ করছি। চেষ্টা করছি, আগের দুটি অ্যালবামের চেয়ে এবারের অ্যালবামটিকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের।’নতুন অ্যালবাম প্রসঙ্গে ইবরার টিপু বলেন, ‘অ্যালবামটির সব গানই হবে রোমান্টিক ঘরানার। থাকবে দ্রুতলয়ের গানও। এ ছাড়া সুফি আঙ্গিকের একটি গানও রাখার কথা চিন্তা করেছি।’ইবরার টিপুর এই নতুন অ্যালবামে দুটি ইন্সট্রুমেন্টালসহ মোট গান থাকবে ১২টি। টিপু জানিয়েছেন, এ পর্যন্ত তাঁর দুটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। কোনোটিতে তাঁর লেখা গান ছিল না। কথা প্রসঙ্গে টিপু বললেন, ‘তৃতীয় অ্যালবামটিতে অন্য গীতিকারদের পাশাপাশি আমার নিজের লেখা গানও থাকবে।’ইবরার টিপুর নতুন অ্যালবামের যে তিনটি গানের কাজ শেষ হয়েছে, সে গানগুলোর গীতিকাররা হলেন: কবির বকুল, মিথিলা ইবরার ও রাসেল।ইবরার টিপু আরও বলেন, ‘আমার সর্বশেষ একক অ্যালবাম ‘চাই তোমায়’-এর গানগুলো শ্রোতারা পছন্দ করেছেন। সেই উত্সাহ নিয়েই তৃতীয় এককের কাজ শুরু করেছি। একটানা কাজটি শেষ করে সামনের ভালোবাসা দিবসেই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব বলে আশা করছি।’ইবরার টিপুর প্রথম একক গানের অ্যালবাম ‘চেনা-অচেনা’ প্রকাশিত হয়েছিল ২০০৫ সালে। ছয় বছর বিরতির পর ২০১১ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘চাই তোমায়’।উল্লেখ্য, ইবরার টিপু বহু গানের সংগীতায়োজন করেছেন। তাঁর সুরে ৩০০টিরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন অনেক জ্যেষ্ঠ ও নবীন শিল্পী। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের স্বাগত সংগীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গানটির মধ্য দিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসেন ইবরার টিপু। গত দেড় বছর তিনি ব্যস্ত ছিলেন বিভিন্ন শিল্পীর অ্যালবাম ও চলচ্চিত্রের গান নিয়ে।