ভালোবাসা দিবসে উৎসবে মেতেছিল রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসার রঙে মন রাঙিয়ে উৎসবে মেতেছিল রাজধানী। গতকাল ছিল ভালোবাসার স্নিগ্ধ পরশ বোলানো একটি দিন। রংবাহারি পোশাকে রাজধানী ছিল উজ্জ্বল। ফুলের দোকানগুলোয় ছিল উপচে পড়া ভিড়। সারা শহরে তরুণ-তরুণীরা ব্যস্ত ছিল দিনটি নিয়ে। প্রাণে প্রাণে ছড়িয়ে ছিল ভালোবাসার উষ্ণতা। অবশ্য বিশ্বকাপ ক্রিকেট নিয়ে ব্যস্ত নগরীতে অন্যান্য বারের তুলনায় এবার কিছুটা হলেও আয়োজন ছিল কম।আগের দিন রোববার ছিল বসন্ত উৎসব। প্রাণপ্রাচুর্যে ভরা ঋতুরাজের দ্বিতীয় দিনে পালিত হলো ভ্যালেন্টাইন ডে। বাহারি নকশার শাড়ি আর পুষ্পবেণিতে সজ্জিত নারী, পাজামা-পাঞ্জাবি-ফতুয়া পোশাকে সজ্জিত পুরুষ দিনভর শহরকে বর্ণিল করে তুলেছিল। প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকা, বিভিন্ন উদ্যান আর বিপণিকেন্দ্রগুলোতে ভিড় ছিল তরুণ-তরুণীদের।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এলাকা থেকে বাংলা একাডেমীর বইমেলা পর্যন্ত দিনভর হাতে হাত রেখে ঘুরে বেড়িয়েছেন প্রেমিক যুগলরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ধানমন্ডি লেক, রমনা উদ্যান, নাটক সরণিসহ বিভিন্ন এলাকায় ঘুরে কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের লাল গোলাপ বিনিময় করতে দেখা গেছে। এ ছাড়া ভালোবাসার বাণী উৎকীর্ণ চকলেট, শুভেচ্ছা কার্ড, বই উপহার আর মুঠোফোনে খুদে বার্তা বিনিময়ের মধ্য দিয়ে প্রকাশ করেছেন একে অন্যের প্রতি ভালোবাসা। প্রিয়জনকে নিয়ে রসনাবিলাস আর আড্ডা তো ছিলই। ছিল বরাবরের মতো ভালোবাসা দিবসের শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় এলাকায়। সকালে টিএসসি এলাকায় শোভাযাত্রা বের করে বিশ্ব ভালোবাসা দিবস উদ্যাপন পরিষদ। শোভাযাত্রা শেষে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে প্রেমের কবিতা পাঠের আসর বসে। অনেকেই ভিড় এড়াতে ঘর থেকে বের হয়েছেন বিকেলে। বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সত্যেন সেন শিল্পী সংস্থা।