ভালোবাসা দিবসে কাছে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা দিবসের আজকের দিনে সবাই যখন তাঁদের প্রিয় মানুষের সান্নিধ্যে সময় কাটাচ্ছেন, ঠিক তখনই বলিউড অভিনেতা সাইফ আলী খান সময় কাটাচ্ছেন শুটিংয়ে। এ সময় পাশে নেই তাঁর ভালোবাসার মানুষ কারিনা কাপুর। টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, সাইফ বর্তমানে ভারতের ভূপালে প্রকাশ জা পরিচালিত নতুন ছবি ‘আরাকশান’র শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কিন্তু তার পরও মনের মানুষ বলে কথা! প্রিয় মানুষটির জন্য সামনের শনিবার ঠিকই এক দিনের ছুটি বের করেছিলেন। ভূপাল থেকে সোজাই চলে আসবেন মুম্বাই প্রিয় মানুষটির সঙ্গে দেখা করার জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বলে কথা। সেদিনও দেখা হচ্ছে না তাঁদের দুজনের। কারণ, এদিন কারিনাকে ব্যস্ত থাকতে হবে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মহড়ায়। এদিকে, পরিচালক প্রকাশ জা বলেন, ‘ভালোবাসা এবং ভালোবাসা দিবস কোনোটাই অপেক্ষা করে না। এটা আসলে খুবই জটিল একটা পরিস্থিতি। ভালোবাসা দিবসে আমরা কেউই তাঁদের দুজনের মধ্যে দেখা করার ব্যবস্থা রাখতে পরিনি বলে দুঃখিত।’