ভালোবাসা দিবসে ক্রিস্টেনের ফোন ধরেননি প্যাটিনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসনের সঙ্গে চিড় ধরা প্রেমের সম্পর্কটিকে জোড়া লাগানোর সবরকম চেষ্টাই চালিয়ে যাচ্ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। কিন্তু অভিমানী প্রেমিকের কাছ থেকে তিনি মোটেও সাড়া পাচ্ছেন না। এবারের ভালোবাসা দিবসে প্যাটিনসনের সঙ্গে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ২২ বছর বয়সী এ অভিনেত্রী। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে সান অনলাইন জানিয়েছে, ‘দ্য রোভার’ ছবির শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন প্যাটিনসন। আর ক্রিস্টেন আছেন লস অ্যাঞ্জেলেসে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রিয় মানুষটিকে কার্ড দিতে না পারলেও, অন্তত ফোনে কথা হবে বলে আশা করেছিলেন ক্রিস্টেন। এজন্য তিনি বারবার প্যাটিনসনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু প্রতিবারই তিনি ফোনে এনগেইজড টোন শুনতে পান। সূত্রটি আরও জানিয়েছে, শেষ পর্যন্ত মা জুলস স্টুয়ার্ট এবং ছোট ভাই টেইলর স্টুয়ার্টের সঙ্গে বিশেষ ওই দিনটি উদযাপন করেন ক্রিস্টেন। গত বছরের জুলাইয়ে নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ক্রিস্টেনের পরকীয়ার খবর ও ছবি ফাঁস হওয়ার পর তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক প্যাটিনসন। অবশ্য বারবার নিজের ভুল স্বীকার করে শেষ পর্যন্ত প্রেমিকের ক্ষমা পান অনুতপ্ত ক্রিস্টেন। কিন্তু গত মাসে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, প্রেমের ইতি টানার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ক্রিস্টেন-প্যাটিনসন।