ভালোবাসা দিবসে জাতীয় দলের অধিনায়কদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র কদিন পরই ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন হবে ঢাকায়। এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১১ জন অধিনায়ককে সংবর্ধনা দেওয়া হবে। এই অধিনায়কেরা হলেন: রকিবুল হাসান, শফিকুল হক, গাজী আশরাফ হোসেন, ফারুক আহমেদ, আকরাম খান, মিনহাজুল আবেদিন, আমিনুল ইসলাম, নাঈমুর রহমান, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ ও হাবিবুল বাশার।১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি পাঁচতারকা হোটেলে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করেছে ওয়ালটন।পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন রিয়াজ ও ফেরদৌস। এখানে গান করবেন এবং বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন ফেরদৌস, মৌসুমী, ইমন, দীপা খন্দকার, ফারাহ রুমা, সজল, বিন্দু, শখ, মীম, আরেফিন শুভ, নিপুণ, ফারদিন ও আঁখি আলমগীর।এই অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে ওয়ালটনের পরিচালক মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে আজকের অবস্থায় নিয়ে আসার পেছনে যাঁদের অবদান আছে, আমরা তাঁদের সম্মান জানাতে চাই। ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে তাঁদের কথা সবাইকে মনে করিয়ে দিচ্ছি।’তিনি আরও বলেন, ‘সাধারণত আমাদের টিভি, চলচ্চিত্র কিংবা সংগীতজগতে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেভাবে সাজানো হয়, এখানেও তার ব্যতিক্রম হবে না। শুধু একটি ক্রেস্ট তুলে দেওয়া নয়; নাচ, গান আর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটিকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। আর এ জন্যই আমরা বেছে নিয়েছি ভালোবাসা দিবসকে।’