ভালোবাসা দিবসে ফারজানা ছবি

প্রেম, ভালোবাসা আর চাওয়া-পাওয়ার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘অতঃপর চিবুকের কাছে একা’। আলতাফ শাহনেওয়াজের রচনায় নাটকটি পরিচালনা করছেন আউয়াল চৌধুরী। এর প্রধান একটি চরিত্রে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি। ভালোবাসা দিবস উপলক্ষে এক খণ্ডের নাটকটি প্রচার করবে বিটিভি।
‘অতঃপর চিবুকের কাছে একা’ নাটকে ফারজানা ছবি ছাড়া আরও অভিনয় করছেন ডলি জহুর, আফজাল শরীফ, সাব্বির আহমেদ প্রমুখ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির শুটিং চলছে। ১ ফেব্রুয়ারি এর শুটিং শেষ হবে।
নাটকটিতে নিজের চরিত্র সম্পর্কে ফারজানা ছবি জানিয়েছেন, ‘এই নাটকে আমার চরিত্রের নাম তটিনী। চরিত্রটিতে কল্পনা ও বাস্তবের একটা দারুণ সংমিশ্রণ রয়েছে যা আমি ভালোভাবে ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করছি।’
ফারজানা ছবি আরও বলেন, ‘এই নাটকের চিত্রনাট্য অনেক ভিন্নধর্মী। গতানুগতিক ধারার বাইরের গল্প এই নাটকে পাওয়া যাবে। নাটকটির শেষে দর্শকদের জন্য অনেক প্রশ্ন থাকবে। আমার ধারণা, প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার তাগিদ অনুভব করবেন দর্শকরা।’
‘অতঃপর চিবুকের কাছে একা’ নাটকের গল্পে দেখা যাবে, তটিনী ও কিশলয় খুব ভালো বন্ধু। দুজনেই একটি নাট্যদলের সঙ্গে যুক্ত। তটিনীর বিয়ে ঠিক হয় তাঁর খালাতো ভাইয়ের সঙ্গে। বিয়ের সময় ঘনিয়ে এলে হঠাত্ একদিন কিশলয় কাউকে কিছু না জানিয়ে দূরে কোথাও চলে যায়। তটিনী খুঁজতে থাকে কিশলয়কে। অনেক দিন পর তটিনীর মোবাইলে এসএমএস পাঠায় কিশলয়। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়।